গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার পূর্ব দনিয়ায় আজ শনিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জোছনা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবকের ডান হাতের বাহু উড়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব দনিয়া এলাকাটি যাত্রাবাড়ী ও কদমতলী থানা—এ দুই থানা এলাকায় পড়েছে। তাই ঘটনার পরপর উভয় থানার পুলিশ ঘটনা ও ঘটনাস্থলের থানা এলাকা নিশ্চিত করতে পারেনি। অবশ্য রাতে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রূপকুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ওই থানায় খবর দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, ‘ঘটনা শুনেছি। পুলিশ পাঠানো হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্বামী মোশাররফ হোসেনের সঙ্গে যাত্রাবাড়ীর পূর্ব দনিয়ার একটি বাড়ির দোতলায় থাকতেন জোছনা বেগম। ওই বাড়ির নিচতলার বাসায় ভাড়া থাকেন একজন বেলুন বিক্রেতা। ওই বাসাতেই বেলুনের কারখানা। আজ সন্ধ্যা ছয়টার দিকে নিচতলার বাসায় বেলুনে গ্যাস সরবরাহ করছিলেন আনোয়ার নামের একজন কর্মচারী। ওই সময় জোছনা নিচে পানি নিতে গেলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে জোছনা ও আনোয়ার গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক জোছনাকে মৃত ঘোষণা করেন।