গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ী নিহত, আহত ৭
বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দরে একটি ওয়ার্কশপে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ও সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী হলেন উপজেলার টিখাসার গ্রামের মোফাজ্জেল হোসেন (৪৬)। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে গৌরনদী বন্দরের ডাকঘরের সামনে মুরাদ স্টিল হাউস নামের একটি ওয়ার্কশপে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসের একটি সিলিন্ডার আকস্মিক বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় দোকান মালিক মুরাদ হোসেন (২০), পাশের দোকানদার মোফাজ্জেল হোসেন (৪৬), মোহাম্মদ আলম (৩৫), ইমাম হোসেন (৩২), কর্মচারী রাসেল আহম্মেদ(২৫), আবদুল জব্বার (৪৫), পথচারী মিরাজুল ইসলাম (২৮) ও নুশরাত খানম (১৯) আহত হন।
স্থানীয়রা জানান, তাৎক্ষণিক তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জেল হোসেনকে মৃত ঘোষণা করেন। দুজনের অবস্থাও আশঙ্কাজনক।