গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা
কেরানীগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে হামিম নামের ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার একটি বাড়িতে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সুজন (৩০), তাঁর স্ত্রী হাবিবা (২২) ও একমাত্র সন্তান হামিম (৩) দগ্ধ হয়।
হামিমের চাচি জেসমিন বেগম বলেন, গতকাল রাতে হাবিবা মশা তাড়ানোর কয়েল ধরানোর জন্য দেশলাই জ্বালান। দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুজন, হাবিবা ও হামিম দগ্ধ হয়। তাঁদের উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, শিশু হামিম আজ বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। সুজনের ৪৫ শতাংশ ও হাবিবার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা এইচডিইউতে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া চিকিৎসাধীন অবস্থায় শিশু হামিমের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।