গ্যাসের সিস্টেম লস বন্ধ করুন: ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়িতে রান্নার কাজে গ্যাসের সংযোগ বন্ধ করা হবে, অর্থমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতারা। তাঁরা বলেন, গৃহস্থালি গ্যাস-সংযোগ বন্ধ নয়, বরং গ্যাস খাতে সিস্টেম লসের নামে লুটপাট বন্ধ করতে হবে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্যাবের নেতারা এ দাবি জানান। ওই বিবৃতিতে অন্যদের মধ্যে ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও চট্টগ্রামের বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে গৃহস্থালি গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি হঠকারী ও জনস্বার্থপরিপন্থী সিদ্ধান্ত। দেশের মোট গ্যাসের মাত্র ১২ শতাংশ গৃহস্থালির কাজে ব্যবহার হয়। বাকি গ্যাস ব্যবহার হয় শিল্প ও বাণিজ্য খাতে। শিল্পে গ্যাস-সংযোগের নামে এক শ্রেণির অসাধু কর্মচারী কোটি কোটি টাকা লুটপাট করছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার বা পেট্রোবাংলা বাসাবাড়িতে সাধারণ গ্রাহকের ওপর খড়্গ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের পরিকল্পনা থেকে সরে এসে দেশে পেট্রোবাংলার অব্যবহৃত বিপুল তহবিল কাজে লাগিয়ে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারসহ গ্যাস চুরি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্যাব নেতারা।