গ্যাসের 'বিপজ্জনক' ব্যবহার বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ১২ বছর কেটে যাওয়ার পরও এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, পুকুর, বাজার, বাড়িঘরের ভেতর ও বাইরে গ্যাস উঠছে। আর এই গ্যাস নিজস্ব কায়দায় রান্নার কাজে ব্যবহার করছে স্থানীয় বাসিন্দারা। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

২০০৫ সালের ৭ জানুয়ারি রাতে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে প্রথম বিস্ফোরণ ঘটে। তখন কানাডীয় কোম্পানি নাইকো গ্যাস উত্তোলনের কাজ করছিল। টানা ১৫ দিন আগুন জ্বলে। দ্বিতীয় দফা আগুন লাগে একই বছরের ২৪ জুন। এরপর নাইকো খননকাজ গুটিয়ে নেয়। অগ্নিকাণ্ডের পর এলাকার ৬১৬টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এখনো তাঁরা ক্ষতিপূরণ পায়নি। এখন গ্যাসক্ষেত্রে নাইকোর কোনো কার্যক্রম নেই।

টেংরাটিলা গ্যাসক্ষেত্র-লাগোয়া উত্তরে স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের একটি পুকুর আছে। পুকুরজুড়ে উঠছে গ্যাসের বুদ্‌বুদ। সেখান থেকে ‘বিশেষ কায়দায়’ পাইপ দিয়ে এই গ্যাস গেছে এলাকার পাঁচটি গ্রামের ঘরে ঘরে। গ্যাসের পাইপ ছড়িয়ে-ছিটিয়ে আছে মাটিতে, গাছপালা ও বাড়িঘরের ওপরে। অথচ নাইকো সাইনবোর্ডে সতর্কবাণী লিখে রেখেছে ‘কারিগরি নিয়ন্ত্রণহীন গ্যাস সংযোগ বিপজ্জনক’, ‘নিজস্বভাবে গ্যাস উত্তোলনের চেষ্টায় বড় ধরনের বিপদ ঘটতে পারে’।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার টেংরা, গিরিসনগর, টিলাগাঁও, আলীপুর, আজবপুর গ্রামের প্রায় ২০০ পরিবার রান্নার কাজে গ্যাস ব্যবহার করছে। এর মধ্যে দেড় শ ঘরে গ্যাস গেছে কাশেমের পুকুর থেকে। অন্যরা নিজের ঘরের পাশে থেকে পাইপ দিয়ে গ্যাসের সংযোগ দিয়েছে। তবে এই প্রক্রিয়ায় গ্যাস ব্যবহারের মূল উদ্যোক্তা আবুল কাশেম। তাঁর দেওয়া প্রতিটি সংযোগের জন্য মাসে ৪০০ টাকা দিতে হয়। এই টাকার অর্ধেক যায় টেংরাটিলা মসজিদের তহবিলে।

আবুল কাশেম এ ধরনের কাজ নাইকোর খননকর্মীদের সঙ্গে থেকে শিখেছেন দাবি করে বলেন, যে স্থানে গ্যাস উঠছে, সেখানে পাকা বাক্স বসিয়ে পাইপ টেনে দেওয়া হয় চুলায়। প্রথমে নিজের ঘরে নিলেও পরে লোকজনের চাপাচাপিতে অন্যদের সংযোগ দিতে বাধ্য হন তিনি।

টেংরা গ্রামের হোসেন আহমদ বলেন, ‘আমরা তো ১২ বছর ধরে বিপদের মধ্যেই আছি। এখন নতুন করে আর কী বিপদ হবে।’

টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত। নাইকো ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলেছিল, কিন্তু এখনো দেয়নি। টেংরা গ্রামের বাসিন্দা স্বাস্থ্য সহকারী সিরাজ ফরায়েজি বলেন, গ্যাসের প্রতিক্রিয়ায় এলাকার মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগ, চোখ জ্বালাপোড়া, আর্সেনিকসহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। তিনি নিজেও আর্সেনিকে আক্রান্ত বলে জানান।

পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপক এ কে এম আমির হোসেন বলেছেন, ‘গ্যাসক্ষেত্র এবং আশপাশের পুরো এলাকাতেই গ্যাস উঠছে। এটা প্রাকৃতিকভাবে বন্ধ না হলে এত বিস্তৃত এলাকায় আমরা কোনো কিছু করতে পারব না।’ স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, এই গ্যাসের চাপ কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা তেমন একটা নেই।’