গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম আর বাড়াতে দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বাসদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯৭তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে জনসভা হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান।
বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাসদের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা বাসদের সাবেক সমন্বয়ক আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। সভার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।
প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। সরকারের লুটপাটের প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কিন্তু সরকারের এই লুটপাটের দায় কোনোভাবেই জনগণ নেবে না। সমাবেশ থেকে নারায়ণগঞ্জের গ্যাস সমস্যার দ্রুত সমাধান, সাত খুনের ঘটনায় জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনাসহ ১০ দফা দাবি জানানো হয়।