গ্যাস-সংকট আরও বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আবাসিক গ্রাহকেরা গত বছরের তুলনায় এবার আরও বেশি গ্যাস সমস্যায় পড়তে পারেন। এর আভাস ইতিমধ্যেই দেখা দিয়েছে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তারা বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এবং গ্যাসলাইনে কিছু সংস্কারকাজ চলমান থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শীতে গ্যাসের ব্যবহার বাড়ে বলে সংকটও আরও বেড়ে যেতে পারে।
পুরান ঢাকায় গ্যাস-সমস্যা নিয়মিত। এখন নতুন নতুন এলাকায় সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলা জ্বলছে না। মিরপুর, পল্লবী, বাড্ডা, মোহাম্মদপুরের কিছু বাড়িতেও গ্যাসের স্বল্পচাপের সমস্যা দেখা দিয়েছে।
তিতাস গ্যাস কোম্পানির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, তিতাসের অধীন এলাকায় গ্যাসের চাহিদা দুই হাজার মিলিয়ন ঘনফুটের ওপরে। এর মধ্যে আবাসিক এলাকায় গ্যাসের ন্যূনতম চাহিদা দৈনিক অন্তত ৩০০ মিলিয়ন ঘনফুট। পাওয়া যায় কখনো ২৫০ মিলিয়ন ঘনফুট বা তার কিছু বেশি। শীতের সময় গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা আরও বাড়বে। তখন সংকটও বাড়বে। এ ছাড়া ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের ইউনিট, সার ও শিল্প-কারখানায় গ্যাস বণ্টন বাড়াতে গিয়ে অনেক সময় আবাসিক এলাকায় সরবরাহ আরও কমিয়ে দেওয়া হয়। তখন সংকট বেড়ে যায়।
তিতাস গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) আবদুস সেলিম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বর্তমানেও চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়া যাচ্ছে। এর বাইরে টাঙ্গাইল ও দনিয়ায় তিতাসের স্টেশনে সংস্কারকাজ চলছে। এর জের পড়ছে ঢাকায়।
গতকাল সূত্রাপুরের এস কে দাস রোডের বাসিন্দা পলাশ রতন ক্ষোভ জানিয়ে বলেন, শীতের আগেই গ্যাসের সংকটে চরম সমস্যায় আছেন। সকাল ছয়টায় চা বসালে আধঘণ্টায়ও পানি গরম হয় না। সাতটার পর চুলা জ্বলে না। গ্যাস আসে তিনটা-চারটার দিকে। পলাশদের বাসার মতো অনেক বাসাতেই ভোররাতে রান্না হয়। অনেকে বিকেলে রান্না করে সন্ধ্যার আগে আগে ‘দুপুরের খাবার’ খান।
বানিয়ানগর, ঠাকুর দাস লেন, পাতলা খান লেন, গেন্ডারিয়ার বাগিচাসহ বিভিন্ন স্থানে গ্যাস-সমস্যা প্রতিদিন বাড়ছে। সূত্রাপুরের বুদ্ধুর বিরিয়ানি, শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিং, জনসন রোডের মতিঝিল ঘরোয়া হোটেল থেকে চারপাশের আবাসিকের বাসিন্দারা দুপুরের খাবার সংগ্রহ করেন বলে জানা গেছে। একই সমস্যা চলছে শাঁখারীবাজার, পানিটোলা, যদু বসাক লেন, রাজার দেউড়ি, গোয়ালনগর, তাঁতীবাজারের কিছু অংশে। বাসিন্দাদের অনেকেই বাধ্য হয়ে রাইস কুকার, ইলেকট্রিক হিটার ব্যবহার করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
গত বছরের শীত মৌসুমে মিরপুরের কাজীপাড়া এলাকায় দুমাসেরও বেশি সময় গ্যাস-সংকট ছিল। এবার শীত না আসতেই বিভিন্ন গলির প্রান্তসীমার বাড়িগুলোতে স্বল্পচাপের সমস্যা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা এবার আরও বড় সংকটের আশঙ্কায় শঙ্কিত। মিরপুরের ১৪ নম্বর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভবনগুলোতে, ওয়েসবি হাসপাতালের আশপাশের এলাকা, তেজতুরী বাজার, তেজগাঁও, বেগুনবাড়ি, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, মোহাম্মদপুর আজিজ মহল্লা, নিউ ইস্কাটনের কিছু বাড়িতে গ্যাসের চাপ কম বলে অভিযোগ পাওয়া গেছে।