গ্যাস-সংকট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার গোয়ালনগরে গৃহবধূ কাজল ঘোষ এখন ভোররাতেই রান্নার কাজ শেষ করেন। সকাল সাতটার পরেই গ্যাসের চুলায় আঁচ থাকে না। বিকেল পর্যন্ত তাঁর বাসায় রান্নাবান্নার কাজ একরকম বন্ধই থাকে।
স্বামী তরুণ ঘোষ বললেন, গত বছর এই সময়ে তাঁদের এলাকায় গ্যাসের তীব্র সংকট ছিল। গত কয়েক দিনে সেই তুলনায় সংকট আরও বেড়েছে। অনেক সময় হোটেল থেকে খাবার আনতে হচ্ছে।
গত দুই দিন রাজধানীর মিরপুর, হাজারীবাগ, মোহাম্মদপুর ও পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে গ্যাসের এমন সংকটের চিত্র পাওয়া গেছে। প্রায় একই অবস্থা চট্টগ্রাম ও সিলেট নগরের কিছু এলাকায়। কেবল আবাসিক সংযোগের ক্ষেত্রে নয়, সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ অনেক কম। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের মালিক ও চালকেরা।
রাজধানী ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি। তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, চাহিদার তুলনায় ছয় কোটি ঘনফুট কম গ্যাস পাওয়া যাচ্ছে। সরবরাহ না বাড়ানো হলে সংকট চলতেই থাকবে।

>চাহিদার তুলনায় ছয় কোটি ঘনফুট কম গ্যাস পাওয়া যাচ্ছে। সরবরাহ না বাড়ানো হলে সংকট চলতেই থাকবে
এইচ এম আলী আশরাফ
পরিচালক (অপারেশন), তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি

তিতাস সূত্র জানায়, শীতে গৃহস্থালি কাজে গ্যাসের ব্যবহার প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। তাপমাত্রাও অন্য সময়ের তুলনায় কম থাকে। এই তাপমাত্রায় রান্নার সময়কাল বেড়ে যায়। এতে গ্যাসের ব্যবহারও বাড়ে। গ্যাস-সংকটের আরও একটি কারণ হচ্ছে, সব সার কারখানাসহ শিল্পকারখানা চালু রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতেও গ্যাস ব্যবহার চলছে পুরোদমে। এ ছাড়া শীতের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকার প্রান্তসীমায় গ্যাস কম যাচ্ছে। সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে কিছু কম গ্যাস দেওয়া যায় কি না, সে সম্পর্কে কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে গত সপ্তাহে পেট্রোবাংলাকে তিতাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
রাজধানীর গুলশানে অবস্থিত তিতাসের উত্তর এলাকার আঞ্চলিক অভিযোগকেন্দ্রের উপমহাব্যবস্থাপক মো. সেলিম মিয়া বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রচুর অভিযোগ আসছে। যত দূর সম্ভব, টিমও পাঠানো হচ্ছে। তবে যেখানে গ্যাস-সংকট খুব বেশি, সেখানে সমাধান করা সম্ভব হচ্ছে না। গ্যাসের চাপ ও সরবরাহ না বাড়লে সংকট আরও বাড়বে।
গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় গেলে কয়েকজন বাসিন্দা জানান, সারা দিনে গ্যাসের চুলা দুই ঘণ্টাও জ্বলছে না। এ অবস্থা প্রায় ১০ দিন ধরে চলছে। পল্লবী সিটি ক্লাব মাঠের আশপাশের বাড়িগুলোতেও একই অবস্থা। মিরপুর ১৪ নম্বরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন বহুতল ভবনগুলোর ঘরে ঘরে গ্যাস-সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা।
উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় দিনের বেলায় চুলা একেবারেই জ্বলে না। রাতের বেলায় মাঝে মাঝে দু-এক ঘণ্টার জন্য গ্যাস থাকে। দক্ষিণখানের আইনুছবাগের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এমনও হচ্ছে, দিনরাতে এক মিনিটের জন্যও গ্যাসের চুলা জ্বলছে না।
মোহাম্মদপুরের বরাব মোহনপুরে মাঝে মাঝে রাতেও গ্যাস থাকছে না। আদাবর, শেখেরটেক, জাকির হোসেন রোড ও আশপাশের এলাকা, পূর্ব দোলাইরপাড়, রসুলপুর, দনিয়া, জুরাইন, গেন্ডারিয়া, তাঁতীবাজার, রাধিকা বসাক লেন, বাসাবাড়ি লেনে গ্যাস-সংকট রয়েছে। এসব এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা গ্যাস সিলিন্ডার, রাইস কুকার ও ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন।
সাভারেও আবাসিক গ্যাসের সংকট রয়েছে। ব্যাংক কলোনির গৃহিণী মাজেদা বেগম টেলিফোনে বলেন, ভোররাত থেকে সারা দিন তাঁদের বাড়িতে গ্যাস থাকেই না। তিনি গ্যাস সিলিন্ডার কিনেছেন।
গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর চট্টগ্রাম অফিস জানায়, শহরের বাকলিয়া, আসকার দিঘির পাড়, দামপাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট রয়েছে।
সিলেট অফিস থেকে জানানো হয়, শহরের রায় নগর, হাওয়া পাড়া, বারুদখানা এলাকায় গ্যাসের সংকট রয়েছে। উপশহর, বালুচর এলাকায় গ্যাস সংকটের কারণে চুলায় আঁচ আসছে না।
সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম: রাজধানী ছাড়াও সাভারের নবীনগর বাইপাইল থেকে চন্দ্রা মোড় এলাকা, টঙ্গী, গাজীপুর, মেঘনাঘাট, দাউদকান্দি ও গৌরীপুর এলাকার সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কমে গেছে।
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, গ্যাসের চাপ কম হওয়ায় কিছু সিএনজি স্টেশন চালানোই যাচ্ছে না। স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট)। সেখানে চাপ নেমে আসছে ছয় পিএসআইয়ের নিচে। বিশেষ করে সকাল নয়টার পর থেকে এ অবস্থা হয়।
তিতাসের পরিচালক এইচ এম আলী আশরাফ বলেন, গ্যাসের স্বল্প চাপের কারণে সিএনজি স্টেশনগুলোতে সমস্যা হচ্ছে। সার্বিকভাবে সমস্যা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।