গ্যাস-সংকট নিরসন না হলে হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সকালে নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন  বিএনপির নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সকালে নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বিএনপির নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো

গ্যাস-সংকট নিরসন করা না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রামে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দেওয়া বক্তৃতায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেন, চট্টগ্রামে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করে সংকট সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে সরকার বারবার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ না দেওয়ায় শিল্পনগর চট্টগ্রামের অনেক শিল্পকারখানা বন্ধ হওয়ার পথে।
শাহাদাত হোসেন বলেন, ‘গ্যাস না থাকার কারণে চট্টগ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছে। অথচ চট্টগ্রাম থেকে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ করছে সরকার। এ থেকে বোঝা যায় সরকার চট্টগ্রামের উন্নয়নের প্রতি কতটুকু আন্তরিক।’
মানববন্ধন কর্মসূচি থেকে কাল সোমবার বেলা ১১টায় ষোলশহর কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম প্রমুখ।