গ্যাস-সংকট নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকট নিরসনের দাবিতে কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজাপুর এলাকায় ওই সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চুলায় গ্যাস থাকে না। রাতে যে সময়ে গ্যাস আসে, তখন সবাই ঘুমিয়ে থাকেন। এ অবস্থা থেকে মুক্তির জন্য অবিলম্বে গ্যাস দিতে হবে। অন্যথায় গ্যাস বিল পরিশোধ করা হবে না। একই সঙ্গে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আদর্শ সদর উপজেলার চাপাপুর কার্যালয় ঘেরাও করে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র হারুনুর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মালেক, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন কাজল, সামাজিক সংগঠন পথিকৃৎ কুমিল্লার সভাপতি শহীদুল হক, স্থানীয় বাসিন্দা ও গ্রাহক কবির হোসেন প্রমুখ। সমাবেশে ঢুলীপাড়া, নেউরা, রাজাপুর ও দিশাবন্দ এলাকার শত শত গ্রাহক উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার বিকেল চারটায় সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে একই দাবিতে সমাবেশ করেন ২৬ গ্রামের বাসিন্দারা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজামুল হাসান শেরীফ বলেন, সংকট উত্তরণের চেষ্টা চলছে।