গ্যাস-সংকটে কলাপাড়ায় ২৪টি বরফকল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামোনিয়া গ্যাস-সংকটের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর, আলীপুর ও কুয়াকাটার ২৪টি বরফকল বন্ধ হয়ে গেছে। এতে ইলিশের ভরা মৌসুমে জেলে ও বরফকল মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বরফকল মালিকেরা গতকাল শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এতে লিখিত বক্তব্য পড়েন মহিপুর-আলীপুর বরফকল মালিক সমিতির সদস্য বিপুল গুহ।

লিখিত বক্তব্যে বলা হয়, মহিপুর-আলীপুরে ২৮টি বরফকল রয়েছে। অ্যামোনিয়া গ্যাসের সংকট তীব্র হওয়ায় এক সপ্তাহ ধরে ২৪টি কল বন্ধ রয়েছে। ইলিশ ধরার এ ভরা মৌসুমে প্রতিদিন পাঁচ-ছয় হাজার ক্যান (বড় খণ্ড) বরফের চাহিদা থাকে। মাত্র চারটি কলের উৎপাদিত বরফ দিয়ে জেলেসহ মৎস্য আড়তদারদের চাহিদা পূরণ হচ্ছে না। এ কারণে উপকূলের আলীপুর, মহিপুর, কুয়াকাটা, খালগোড়া, গঙ্গামতি, বাবলাতলা, চাড়িপাড়া, বুড়োজালিয়া, চান্দুপাড়ার বহু মাছ ধরা ট্রলার সাগরে মাছ ধরতে যায় না। সাগর থেকে ইলিশসহ অন্য যেসব মাছ আড়তে আসে, বরফের অভাবে তা পচে যাচ্ছে। এতে জেলে ও আড়তদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর বড় নেতিবাচক প্রভাব পড়বে মৎস্য খাতের ওপর। আগে প্রতি বোতল অ্যামোনিয়া গ্যাস পাঁচ-ছয় হাজার টাকায় পাওয়া যেত। এখন প্রতি বোতল অ্যামোনিয়া গ্যাস ১৫-১৬ হাজার টাকায়ও পাওয়া যায় না। ডিলারদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে বরফকল মালিকেরা চরম দুরবস্থার মধ্যে পড়েছেন।

আলীপুর মৎস্যবন্দরের ‘মাদার আইস প্ল্যান্ট’-এর মালিক মো. মিরাজ হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘মাছ ধরার এমন মৌসুমে আমার ১৫-২০টি অ্যামোনিয়া গ্যাসের বোতল লাগে। সেখানে একটিও সংগ্রহ করতে পারিনি।’

খান আইস প্ল্যান্টের মালিক কামাল খান, তালুকদার আইস প্ল্যান্টের মালিক শাহিন তালুকদারসহ আরও কয়েকজন বরফকল মালিক একই কথা বলেন।

মহিপুর-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. ফজলু গাজী বলেন, ‘আমরা আড়তদারেরা বরফের অভাবে মাছ মোকামে চালান করতে পারছি না। এতে আমরা বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ে গেলাম।’