গ্যাস-সংকটে চট্টগ্রামের চার বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটের কারণে প্রায় এক মাস ধরে চট্টগ্রামের চারটি সরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রচণ্ড চাপ পড়ছে বিদ্যুৎ সরবরাহের ওপর। আগামী মার্চের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস মিলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
এদিকে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের কারণে চট্টগ্রামে জনজীবনে নেমে এসেছে সীমাহীন ভোগান্তি।
এ প্রসঙ্গে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সহিদ আলী প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে চারটি বিদ্যুৎকেন্দ্র এবং দুটি সার কারখানা (সিইউএফএল এবং কাফকো) একসঙ্গে চালু রাখা সম্ভব নয়। তাই আমরা চলতি সারের মৌসুমে শুধু দুটি সার কারখানাকে গ্যাস সরবরাহ দিয়েছি। আগামী মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রগুলো আবার নিয়মিতভাবে গ্যাস পাবে।’
বিদ্যুৎ-সংকটের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্যাস-সংকটের কারণে আমাদের চারটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থার মধ্যেও আমরা সব এলাকায় যত দূর সম্ভব বিদ্যুতের সুষম বণ্টনের চেষ্টা করছি। এ ছাড়া বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। এতে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে আশা করছি।’
গত ৭ সেপ্টেম্বর থেকে রাউজান বিদ্যুৎকেন্দ্রের (প্রতিটি ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন) দুটি ইউনিট, শিকলবাহা ৬০ মেগাওয়াট এবং শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া কাপ্তাই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের উৎপাদন গত ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এ সমস্যা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামে ছয়টি সরকারি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে। এগুলো হচ্ছে কাপ্তাই, রাউজান, শিকলবাহা ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট, ১০০ মেগাওয়াট হাটহাজারী এবং দোহাজারী বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যে রাউজান, শিকলবাহা ৬০ ও ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট চলে গ্যাসে। হাটহাজারী ও দোহাজারী হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
সূত্রমতে, দক্ষিণাঞ্চলে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৭০০-৭৫০ মেগাওয়াট। কিন্তু চারটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ থাকায় প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পোহাতে হচ্ছে প্রতিদিন। এ কারণে ভোগান্তি বেড়েছে জনজীবনে। ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের যাওয়া-আসায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ি ও কলকারখানার দৈনন্দিন কাজ।
নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা নাজমুল হাসান অভিযোগ করেন, ‘আগে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হতো। আর এখন প্রতি ঘণ্টায় দু-তিনবার করে বিদ্যুৎ আসা-যাওয়া করে। আমি হিসাব করে দেখিছি, গত মঙ্গলবার ২৪ ঘণ্টার মধ্যে আমরা আট ঘণ্টাই ছিলাম বিদ্যুৎহীন।’
নাম প্রকাশে অনিচ্ছুক হালিশহর এলাকার একটি পোশাক কারখানার ব্যবস্থাপক বলেন, ‘প্রতিদিন লাগামহীনভাবে বিদ্যুৎ যাওয়া-আসা করছে। ফলে বিদ্যুৎ-সংযোগের কোনো সুফলই আমরা পাচ্ছি না। আমাদের জেনারেটরের ওপরই পুরোপুরি নির্ভর করতে হচ্ছে।’