গ্যাস-সংকটে নাকাল পুরান ঢাকা
পুরান ঢাকার রাজার দেউড়ির গৃহিণী সুবর্ণা রায় প্রতিদিন ভোর পাঁচটার দিকে রান্না করেন। ওই সময়ই চুলায় কিছু আঁচ থাকে। ওই রান্নায় দুপুরের খাওয়াও হয়। তাঁর স্বামী ব্যবসায়ী দুলাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বললেন, গ্যাসের বিল দিতে দেরি হলে তিতাসের লোক এসে ধমকায়। কিন্তু গ্যাসের সমস্যা জানানোর জন্য ওই লোকদের খুঁজে পাওয়া যায় না।
গত মঙ্গলবার সুবর্ণা রায়ের ওই পরিবারটির সঙ্গে কথা হয়। খোঁজ নিয়ে জানা গেল, পুরান ঢাকায় গ্যাস সমস্যা আসলেই চরম আকার ধারণ করেছে। কোনো কোনো এলাকায় সারা দিনই চুলায় আঁচ থাকছে না। বিশেষ করে তাঁতীবাজার, শাঁখারীবাজার, রাজার দেউরী, গোয়ালনগর, পানিটোলাসহ আশপাশের সব এলাকায়।
এলাকার বাসিন্দারা দাবি করেন, বঞ্চিত পুরান ঢাকায় ৩০ বছর আগের গ্যাসের সরু লাইনগুলোই আছে। ফলে স্বল্প চাপ সমস্যাও বেশি। গত ২৬ থেকে ২৯ ডিসেম্বর পুরান ঢাকার সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী থানা এলাকায় গ্যাসের লাইন সংস্কারের জন্য রীতিমতো ঘোষণা দিয়ে সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এসব এলাকায় এখনো বাড়তি সুবিধা যোগ হয়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (উৎপাদন) মীর মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তুলনামূলক প্রশস্ত পাইপের সঙ্গে সরু পাইপ যুক্ত করার জন্য পালাক্রমে কয়েক দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পুরান ঢাকার এসব এলাকায় পাইপগুলো পৌনে এক ইঞ্চি ব্যাসের। ফলে খুব একটা কাজ হয়নি। সরু পাইপের কারণে অনেক এলাকায় প্রান্ত সীমার বাড়িগুলোতে গ্যাস যাচ্ছে না। সারা ঢাকায় সমস্যা আছে, কিন্তু গ্যাস না থাকা-সংক্রান্ত অভিযোগ বেশি আসছে পুরান ঢাকা থেকে। আঞ্চলিক কার্যালয়ে কেউ লিখিতভাবে, কেউ টেলিফোনে এসব অভিযোগ করছেন।
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম হওয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, ঢাকা ক্লিন ফুয়েল প্রকল্পের (ডিসিএফপি) আওতায় রাজধানীর উত্তর-পশ্চিম এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসানো হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ কাজে খরচ করা হয় ১০০ কোটি টাকা। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় চার বছর ধরে পাইপ বসানোর কাজ হয়। কিন্তু পুরান ঢাকায় স্বল্প চাপ সমস্যার কোনো উন্নতি হয়নি। এ প্রসঙ্গে তিতাসের পরিচালক বলেন, ওই লাইন মূলত সিএনজি লাইনের জন্য বেশি ব্যবহৃত হয়েছে।
এলাকায় এলাকায় সমস্যা, ভোগান্তি: তাঁতীবাজারের ব্যবসায়ী রফিকুল আলম নিজের দোকানের পেছনের গলিতে পরিবার নিয়ে বসবাস করেন। জানালেন, প্রতিবছর শীতকালে গ্যাসের সমস্যা বাড়ে। এখন সকাল সাতটা-আটটায় গ্যাস চলে যায়। বিকেল তিনটার আগে আসে না। এলাকার অনেকেই বাধ্য হয়ে রাইস কুকার, ইলেকট্রিক হিটার ব্যবহার করে সমস্যা কমানোর চেষ্টা করেন। কিন্তু এর জন্য গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল।
শাঁখারীবাজারের বাসিন্দা নরেন পালের বৃদ্ধ মা-বাবার স্নান করার জন্য জল গরম করে দিতে পারেন না। নরেন বললেন, গরম করার মতো আঁচ চুলায় থাকেই না।
ঝুলনবাড়ির বাসিন্দা হারাধন ঘোষ জানান, পুরানা পল্টনে তাঁর কর্মস্থল। আগে তাঁর স্ত্রীর রান্না করা খাবার টিফিন ক্যারিয়ারে নিয়ে আসতেন। গত সোমবার তাঁর স্ত্রী ভোর পাঁচটায় গ্যাসের চুলায় চাল চড়ান, সকাল নয়টায়ও সেদ্ধ হয়নি।
সিএনজি স্টেশনেও স্বল্প চাপ: কয়েক দিন ধরে বিকেল পাঁচটা থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও স্বল্প চাপ সমস্যার কারণে মালিকপক্ষ ও গ্রাহকদের অসুবিধা হচ্ছে। গত কয়েক দিন গ্যাসের চাপ ছিল ১১ পিএসআইয়ের (প্রতি বর্গ ইঞ্চিতে) নিচে। কিন্তু স্বাভাবিক গ্যাস সরবরাহের জন্য চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই।
দয়াগঞ্জ এলাকায় অবস্থিত একটি সিএনজি স্টেশনের ব্যবস্থাপক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বিশেষ করে দুপুরে গ্যাসের চাপ কম থাকে। তাঁর মতে, এ কারণে অনেক সিএনজি স্টেশনে গ্যাসের পরিবর্তে হাওয়া ঢোকে, বাড়তি বিল হয়। গাড়ির মালিক এই বিল পরিশোধ করতে বাধ্য।
তিতাসের পরিচালক (উৎপাদন) বলেন, সিএনজি স্টেশনে স্বল্প চাপ সমস্যা কিছুটা রয়েছে। তবে যখন স্টেশন বন্ধ থাকে, তখন এলাকার বাসাবাড়িতে চুলার আঁচও বাড়ে।