গ্যাস-সংকটের দুর্ভোগে মৌলভীবাজারের গ্রাহকেরা
পূর্বঘোষণা ছাড়াই মৌলভীবাজার শহর-শহরতলির বিভিন্ন এলাকায় হঠাৎ করে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন। কয়েক দিন ধরে বিকেল হলেই গ্যাসের চাপ কমে যাচ্ছে। গত মঙ্গলবার বিকেলে গ্যাস-সংকট চরম পর্যায়ে পৌঁছে। অনেক এলাকার বাসাবাড়িতে অনেকের পক্ষেই ইফতারসামগ্রী তৈরি করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার পর থেকে মৌলভীবাজার শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় হঠাৎ করে গ্যাস সরবরাহ কমতে থাকে। গ্রাহকেরা ইফতারসামগ্রী তৈরির জন্য চুলায় আগুন ধরাতে গিয়ে বিপাকে পড়েন। কিছু কিছু এলাকার বাসাবাড়ির চুলায় নিবুনিবু গ্যাস জ্বললেও রান্না করার অবস্থা ছিল না। অনেক এলাকাতে একেবারেই গ্যাস সরবরাহ ছিল না।
গ্রাহকেরা অভিযোগ করেছেন, আগে থেকে ঘোষণা দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করা হলে তাঁদের প্রস্তুতি থাকত। তাতে হঠাৎ করে ভোগান্তিতে পড়তে হতো না। মৌলভীবাজার শহরের কোর্ট রোডের মধ্যপাড়ার বাসিন্দা মো. জামাল মিয়া বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে দেখি বাসায় গ্যাস নেই। এমন বিপদে পড়ি। পরে শহরের গির্জাপাড়া এলাকায় বোনের বাসায় গিয়ে রান্না করতে হয়েছে।’
এ রকম অবস্থা মৌলভীবাজার শহরের মধ্যপাড়া, শাহ মোস্তফা সড়ক, আরামবাগ, মোস্তফাপুর, বাহারমর্দানসহ বিভিন্ন এলাকার। বাহারমর্দান গ্রামের জুলফিকার আলী ভুট্টো গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমাদের এলাকায় হঠাৎ করেই গ্যাস নেই। অনেকের পক্ষেই ইফতার বানানো সম্ভব হয়নি।’
এদিকে জালালাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড মৌলভীবাজার কার্যালয় সূত্র জানিয়েছে, মৌলভীবাজার শহরে গ্যাস সরবরাহ করা হয় হবিগঞ্জের শাহজীবাজার গ্যাসক্ষেত্র থেকে। মৌলভীবাজার পড়েছে শাহজীবাজার থেকে গ্যাস সরবরাহ লাইনের একেবারে শেষ প্রান্তে। এমনিতেই লাইনের শেষের দিকে গ্যাসের চাপ কম থাকে। এর মধ্যে দুই-তিন দিন ধরে বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ছয়-সাতটা পর্যন্ত গ্যাসের চাপ কমে যাচ্ছে। শেষ প্রান্তে এসে অনেক এলাকায় গ্যাস নিঃশেষ হয়ে যায়। সাতটার দিক থেকে একটু একটু করে আবার স্বাভাবিক হতে থাকে। গত মঙ্গলবার এই সংকট তীব্র হয়ে ওঠে। মৌলভীবাজারে প্রায় সাড়ে ছয় হাজার গ্রাহক রয়েছেন। এই গ্রাহকদের জন্য প্রতিদিনের চাহিদা হচ্ছে আড়াই থেকে তিন লাখ ঘনফুট। কিন্তু তিন-চার দিন ধরে বিকেলে গ্যাসের চাপ কমে এক লাখ ঘনফুটের নিচে চলে আসছে।
জালালাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড মৌলভীবাজার কার্যালয়ের ব্যবস্থাপক সঞ্জিত ভূষণ দেব বলেন, ‘হঠাৎ করেই দুই-তিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল (মঙ্গলবার) গ্যাস-সংকট ভয়াবহ হয়ে ওঠে। অনেক স্থানে একেবারেই গ্যাস ছিল না। শাহজীবাজার থেকে সাপ্লাই কমে গেছে। আমাদের হাতে কিছু নেই। অনেক গ্রাহক ফোন করেন। আমরা গ্রাহকদের দুইটার আগে রান্নার কাজটা সেরে নিতে বলছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি সমস্যা সমাধানের জন্য।’