গ্যাস-সংযোগ তালিকা থেকে বাদ পড়ছেন ১০০০ গ্রাহক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে গ্যাস-সংযোগের উপকরণ না পাওয়ায় চলতি বাজেটে বরাদ্দ থাকলেও রাজশাহীর প্রায় এক হাজার গ্রাহক গ্যাস-সংযোগ তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন। ২৬ জুনের মধ্যে ঠিকাদারকে চলতি বাজেটের রাইজার উত্তোলনের কাজ শেষ করতে হবে। এখনো বাকি রয়েছে ১২ শতাধিক রাইজার। প্রতিদিন তাঁরা উত্তোলন করতে পারছেন ২০টি রাইজার৷ কাজ শেষ না হলে বাজেট ফেরত যাবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর রাজশাহীতে সংযোগ শুরুর এক মাসের বেশি সময় পরে ২৪ জুলাই ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র গ্রহণ করা হয়৷ রাজশাহীতে তিন হাজার রাইজার উত্তোলনের কাজ পায় আরএম কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই তিন হাজার রাইজার উত্তোলনের শেষ সময় ছিল ১৫ জুন। পরে তা বাড়িয়ে ২৬ জুন করা হয়। কিন্তু এখনো ১২ শতাধিক রাইজার উত্তোলন বাকি রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, গত নভেম্বর-ডিসেম্বর মাসে উপর্যুপরি হরতালের কারণে তাঁরা কাজ করতে পারেননি। তা ছাড়া গত এপ্রিল-মে মাস থেকে কোম্পানি তাদের চাহিদামতো গ্যাস-সংযোগের উপকরণ সরবরাহ করতে পারেনি।
জানতে চাইলে কোম্পানির রাজশাহীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, গত রোববার থেকে মালামাল সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখনো ১২ শতাধিক রাইজার উত্তোলন বাকি রয়েছে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখন দুটি করে যন্ত্র ব্যবহার করে প্রতিদিন ২০-২৫টি করে রাইজার তোলার কাজ করছে৷ শিগগিরই তাদের চারটি করে যন্ত্র দিয়ে কাজ শুরু করার কথা। তিনি বলেন, চারটি করে যন্ত্র একসঙ্গে কাজ করলে রাইজার উত্তোলনের কাজ অনেক এগিয়ে যাবে। তারা প্রতিদিন ৬০টি করে রাইজার উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনোভাবে রাইজার উত্তোলন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার সঙ্গে কয়েক দিন আগে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা চারটি যন্ত্র দিয়ে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করবেন।
কিন্তু গতকাল সোমবারও চারটি যন্ত্র নামানো হয়নি। এ ব্যাপারে গতকাল তাঁর সঙ্গে ফের যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান৷
গত বছর ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহীতে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের জন্য জোর তৎপরতা শুরু করা হয়৷ া
পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বলেন, গ্রাহকেরা বাদ পড়লেও আপাতত কিছু করার নেই। ভবিষ্যতে আবার হবে। তিনি বলেন, মন্ত্রণালয় অনুমোদিত সীমিত কয়েকটি প্রতিষ্ঠান এসব মালামাল তৈরি করে। এর আগে সরকার চার বছর আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ রেখেছিল। এখন একসঙ্গে সব কোম্পানির চাহিদা যাচ্ছে৷ তারা আর মালামাল সরবরাহ করে শেষ করতে পারছে না। সব কোম্পানিই সংকটে পড়েছে। মালামাল উৎপাদনের জন্য অনেক নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে চায়। তাদের আবার সুযোগ দেওয়া হয় না। তিনি বলেন, একজন গ্রাহককে গ্যাস-সংযোগ দিতে হলে তাদের ২২টি ধাপ পেরোতে হয়। মালামাল ছাড়াও তাদের অনেক সংকট।