গ্যাস-সংযোগ পেতে ১২০০ আবেদনকারীর অপেক্ষা
পাবনার ঈশ্বরদী উপজেলায় গ্যাস-সংযোগ পেতে এক হাজার ২০০ আবেদনকারী প্রায় দেড় বছর ধরে স্থানীয় কার্যালয়ে ধরনা দিয়েও সংযোগ পাচ্ছেন না। রাইজার (প্রধান সঞ্চালন লাইন থেকে আলাদা লাইনে গ্যাস-সংযোগের বিশেষ পাইপ) সংকটের অজুহাতে তাঁদের গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে ৬৫০ জন আবেদনকারী নতুন গ্যাস-সংযোগের জন্য দেড় বছর আগে ব্যাংকে চাহিদাপত্রের টাকা জমা দিয়ে রেখেছেন। এ ছাড়া গত আট মাসে নতুন আবেদন জমা পড়েছে আরও ৫৫০টি।
ভুক্তভোগীদের কয়েকজন জানান, আবেদন জমা দেওয়ার পর তাঁরা ব্যাংকে চাহিদাপত্রের টাকাও জমা দিয়েছেন। ১০ থেকে ২০ হাজার টাকা খরচ করে অনেকে বাসাবাড়িতে গ্যাসের লাইন সম্প্রসারণ করে চুলাও বসিয়েছেন। কিন্তু প্রায় দেড় বছর ধরে অপেক্ষা করেও তাঁরা গ্যাস-সংযোগ পাচ্ছেন না। এখন আবার তাঁদের রাইজার সংকটের অজুহাত দেখানো হচ্ছে।
শহরের দড়িনারিচা পাড়ার সান্ত্বনা বেগমের অভিযোগ, বাড়িতে নতুন সংযোগ নেওয়ার জন্য এক বছর আগে তিনি ব্যাংকে চাহিদাপত্রের টাকা জমা দিয়েছিলেন। কিন্তু পরের সিরিয়ালে অনেকেই গ্যাস-সংযোগ পেয়েছেন। কিন্তু এখনো তাঁর বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হয়নি। এক বছর ধরে ধরনা দিয়েও সংযোগ পাননি শহরের মধ্য অরনকোলা আলহাজ ক্যাম্পপাড়ার নুরুল ইসলাম। তিনিও এক বছর আগে টাকা জমা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, যখন রাইজার ছিল তখন বলা হতো ‘সিরিয়াল’ ঠিক নেই। এখন বলা হচ্ছে রাইজার নেই। কিছু কর্মকর্তা কৃত্রিমভাবে রাইজার সংকট সৃষ্টি করে বেশি টাকা হাতিয়ে নিতে এসব করছেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ঈশ্বরদীর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক গোলজার হোসেন জানান, সংযোগ পেতে প্রতিদিন অনেক মানুষ কার্যালয়ে এসে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু রাইজার না থাকায় তাঁরাও বেকায়দায় পড়েছেন। সংযোগ দিতে পারছেন না।