গ্রন্থই মানবসভ্যতার বাহন: আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গতকাল ছিল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গতকাল ছিল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যম গ্রন্থ। মানুষের অমিত শক্তির দ্বারকে উন্মোচিত এবং বিকশিত করেছে গ্রন্থ। তাই গ্রন্থই মানবসভ্যতার বাহন। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গতকাল বুধবার আয়োজিত বাংলাদেশ দিবসে ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান নূর আরও বলেন, মানবজাতির জ্ঞানের আলোয় আলোকিত করতে, সংস্কৃতিমান করতে বই অসামান্য অবদান রেখেছে। তিনি মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, ‘আমাদের দুই দেশের বিরাজমান দ্বিপক্ষীয় সমস্যার অচিরেই সমাধান হবে।’
মিলনমেলা ময়দানের এসবিআই মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশের শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি রশিদ হায়দার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান বাংলাদেশের শিল্পীরা।
মূল প্রবন্ধে কামাল চৌধুরী বলেন, বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি ও কৃতকৌশলের বিস্ময়কর অগ্রগতি ও সমৃদ্ধির পথকে প্রশস্ত করেছে বই। শামসুজ্জামান খান বলেন, সাধারণ মানুষের শ্রম, সৃজনশীলতার পাশাপাশি বইয়ের মাধ্যমে সভ্যতার বিকাশ হয়। রণজিৎ বিশ্বাস বলেন, ‘বই না থাকলে আমরা বুঝতে পারতাম না মানুষ কেন অন্য প্রাণীর মতো নয়।’