গ্রন্থাগার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সমঝোতা

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের গ্রন্থাগারের উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তবে এই উন্নয়ন প্রকল্পে টাকা দেবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। পরীক্ষামূলকভাবে দেশের ৩০টি গ্রন্থাগার উন্নয়ন করা হবে।
গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। সরকারের পক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার ও ব্রিটিশ কাউন্সিলের এদেশীয় পরিচালক বারবারা উইকহ্যাম সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বলেন, সত্যিকারের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তাঁদের লক্ষ্য হলো পাঠকদের গ্রন্থাগারমুখী করা, পাঠাগারের মানোন্নয়ন করা। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো। আর সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু গান-বাজনা নয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ মাসব্যাপী পরীক্ষামূলক এই কাজের জন্য ১৮ লাখ মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা) দিয়ে ৩০টি গ্রন্থাগার উন্নয়ন করা হবে। এর মধ্যে ২৫টি গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীন। বাকিগুলো শিশু একাডেমী লাইব্রেরি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিওসংশ্লিষ্ট। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।