গ্রন্থাগার ও শ্রেণিকক্ষের দাবিতে বিক্ষোভ মিছিল
সেমিনার লাইব্রেরি, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, শিক্ষকদের বসার কক্ষ বরাদ্দের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সেমিনার লাইব্রেরি, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, শিক্ষকদের বসার কক্ষ বরাদ্দের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ‘বি’-এর সামনে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার ঘটনাস্থলে ছুটে যান।
পরে দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে শিগগির স্থান বরাদ্দের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।