পাঠাগার কিংবা গ্রন্থাগারের জন্য আলাদা কোনো কক্ষ নেই। সহকারী গ্রন্থাগারিক আছেন, সরকারি বেতন-ভাতাও পান। কিন্তু বই নেই। কর্তৃপক্ষের বই কেনার আগ্রহও নেই। দৈনিক খবরের কাগজও নেই।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও বোদা উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ঘুরে গ্রন্থাগারের এমনই চিত্র দেখা গেছে। এর মধ্যে জলই নয়নী বুরুজ উচ্চবিদ্যালয়, তেঁতুলিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়, ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, দশমাইল উচ্চবিদ্যালয়, মাঝিপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়, গিতালগছ দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ময়দানদীঘি দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ডাবরভাঙা উচ্চবিদ্যালয়, অমরখানা উচ্চবিদ্যালয়, ভজনপুর উচ্চবিদ্যালয়ের নাম উল্লেখযোগ্য।
জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় ১৯৪টি মাধ্যমিক বিদ্যালয় আছে। বেশির ভাগ বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক রয়েছেন। তাঁরা সরকারি বেতন-ভাতাও পাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ বা পাশে সহকারী শিক্ষকদের কক্ষে ঘুণে ধরা আলমারিতে ছেঁড়া বা প্রচ্ছদবিহীন কিছু পুরোনো বই রাখা আছে। বেশির ভাগ আলমারিজুড়ে মাকড়সার জাল আর ধুলাবালু। আলমারি খুললেই উৎকট গন্ধ।
বিদ্যালয়ে গ্রন্থাগার আছে কি না, জানতে চাইলে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কয়েকটি বইয়ের লেখকের নাম ও কয়েকজন লেখকের লেখা বইয়ের নাম জানতে চাইলে তারা তা বলতে পারেনি। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ছড়িয়ে দিতে শিক্ষকদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ ও তদারকি নেই। অধিকাংশ বিদ্যালয়েই দৈনিক খবরের কাগজও রাখা হয় না।
তেঁতুলিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় সূত্র জানায়, এ বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় এক হাজার। প্রধান শিক্ষকের কক্ষে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় ৩০০ বই আছে। এর মধ্যে ২৪০টি বই দিয়েছে একটি বেসরকারি সংস্থা। বিদ্যালয় কর্তৃপক্ষ পুরোনো বেশ কিছু বই ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ সেলিম জানায়, সে পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়েনি। বিদ্যালয়ে গ্রন্থাগার আছে কি না, সে জানে না।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বই পড়তে চায় না। শিগগিরই বই কেনা হবে।
ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নাফিসা জানায়, মাঝেমধ্যে বই দেওয়া হয়। তবে বইগুলো পুরোনো হয়ে গেছে। শিক্ষক শেলিনা আক্তার জানান, বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ কম। তবে আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
দশমাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কম। তা ছাড়া সরকারিভাবে গ্রন্থাগারের জন্য বইপত্র দেওয়া হয় না। বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কিছু বই কেনা আছে। তবে দীর্ঘদিন ধরে নতুন বই কেনা হচ্ছে না।
মাঝিপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোনিয়া বলেন, ‘আমাদের বই দেওয়া হয় না। গল্পের বই পড়তে চাই।’ গিতালগছ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম দাবি করেন, নিয়মিত বই দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ কম।
ময়দানদীঘি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানকে গ্রন্থাগার আছে কি না জানতে চাইলে তিনি বাজারে এক সহকারী শিক্ষকের বইয়ের দোকান দেখিয়ে দেন। এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হুমায়রা জানায়, গ্রন্থাগার নেই। বইও দেওয়া হয় না।
অমরখানা উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক তাহাজুল ইসলাম বলেন, ‘দৈনিক পত্রিকা রাখা হয় না। গ্রন্থাগারে কোনো বই নেই। তাই গ্রন্থাগারের কার্যক্রম না চালিয়ে পাঠদানসহ অন্যান্য কাজ করি।’
নাম প্রকাশে অনিচ্ছুক চার-পাঁচজন শিক্ষক বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বেশির ভাগই অল্পশিক্ষিত এবং রাজনৈতিক বিবেচনায় নির্বাচিত হওয়ায় গ্রন্থাগারের ব্যাপারে তাঁদের কোনো আগ্রহ বা তদারকি নেই। কমিটির সদস্যরা শুধুই নিয়োগ আর খরচপাতির দিকে চোখ রাখেন।
অভিভাবক গোলাম রব্বানী বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা টেলিভিশনমুখী। বই পড়ার চেয়ে কার্টুন দেখতে তারা বেশি আগ্রহী।
তা ছাড়া বিদ্যালয়ের শিক্ষকেরাও বই পড়েন বলে মনে হয় না। তাঁরা প্রাইভেট পড়ানো নিয়েই বেশি ব্যস্ত।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ‘বিদ্যালয়গুলোতে গ্রন্থাগারের কার্যক্রম চালু নেই। তবে র্যাকে বই আছে। বিদ্যালয়গুলোতে সহকারী গ্রন্থারিক নিয়োগে আমার কোনো হাত নেই।’ তদারকির দায়িত্ব কার—এমন প্রশ্ন করা হলে তিনি আর কোনো কথা বলতে চাননি।