গ্রন্থাগারিককে মারধরের জের দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার কলেজের গ্রন্থাগারিককে মারধরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত নেন। বহিষ্কৃত দুই ছাত্র হলেন: কলেজের বিএসসি চতুর্থ বর্ষের আল-আমিন ইসলাম ও তৃতীয় বর্ষের আবদুল্লা আল-মামুন ওরফে লিয়ন। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের গ্রন্থাগারিক আবু জোবায়েন হোসেন নিয়মিত গ্রন্থাগারে না বসার কারণে ছাত্ররা বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ ছাত্রদের এই অভিযোগের বিষয়ে তৃতীয় বর্ষের আবদুল্লা আল-মামুন ও চতুর্থ বর্ষের আল-আমিন ইসলামের নেতৃত্বে একদল ছাত্র গত মঙ্গলবার দুপুরে গ্রন্থাগারিককে জিজ্ঞাসা করতে গেস্টরুমে যান। এ সময় দুই পক্ষ কথা-কাটাটিতে লিপ্ত হয়, যার একপর্যায়ে ছাত্ররা অসুস্থতার কারণে ছুটিতে থাকা জোবায়েনকে জোরপূর্বক সেখান থেকে তুলে গ্রন্থাগারে নিয়ে এসে বেদম মারধর করে। সূত্র জানায়, খবর পেয়ে কলেজের জ্যেষ্ঠ শিক্ষকেরা এসে গ্রন্থাগারিক আবু জোবায়েনকে উদ্ধার করেন। এ ঘটনার পর বুধবার কলেজ শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লা আলম-মামুন অভিযোগ করেন, ‘গ্রন্থাগারিক আবু জোবায়েন প্রায় এক মাস আগে এ কলেজে যোগদান করেন। কিন্তু তাঁর কর্মস্থল গ্রন্থাগারে বসেন না। ফলে গ্রন্থাগারটি বন্ধ থাকায় আমরা (ছাত্ররা) বই পড়া থেকে বঞ্চিত হই। এতে পড়ালেখা ব্যাহত হয়। অনেকে বাধ্য হয়ে ঢাকা থেকে বই কিনে এনে পড়তে হচ্ছে। এসব বিষয় নিয়ে গ্রন্থাগারিককে জিজ্ঞেস করলে তিনি উল্টো গালমন্দ করেন।’ যার একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে মামুন স্বীকার করেন। মামুনের অভিযোগ অস্বীকার করে গ্রন্থাগারিক আবু জোবায়েন প্রথম আলোকে বলেন, তিনি নতুন কর্মস্থলে যোগদানের পর থেকেই একটি মহল তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। আবদুল্লা আল-মামুনসহ কয়েকজন ওই ষড়যন্ত্রকারীদের হয়ে গ্রন্থাগার না খোলার অভিযোগ তোলে। কলেজের অধ্যক্ষ আবদুল বাসেত মিয়া গ্রন্থাগারিককে মারধরের ঘটনায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব পালনে গ্রন্থাগারিকের কোনো অবহেলা থাকলে ছাত্ররা তাঁকে জানাতে পারত। কিন্তু তা না জানিয়ে গায়ে হাত তুলে অন্যায় করেছে। তাই তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।’