গ্রন্থাগারিকের পদ ১০ বছর ধরে শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিনটি সরকারি কলেজে গ্রন্থাগারিকের পদ প্রায় ১০ বছর ধরে শূন্য থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এ ছাড়া রয়েছে পর্যাপ্তসংখ্যক রেফারেন্স বই ও আসবাবের সংকট। এ কারণে ওই তিনটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।সিলেট এমসি কলেজ: সিলেটের টিলাগড় এলাকায় ঐতিহ্যবাহী প্রাচীন সিলেট মুরারি চাঁদ কলেজ (এমসি কলেজ) ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অসংখ্য বাঙালি মনীষীর স্মৃতিধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান), স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় সাড়ে ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ঐতিহ্যবাহী এ কলেজের গ্রন্থাগারে প্রায় সোয়া লাখ বইয়ের সুবিশাল সংগ্রহ রয়েছে। তবে প্রায় ১০ বছর ধরে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, ক্যাটালগার ও বুকসর্টারের পদ শূন্য রয়েছে। এ অবস্থায় যত্নের অভাবে অসংখ্য বই নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি আসবাবগুলোতে ঘুণে ধরেছে। সরেজমিনে দেখা যায়, চেয়ার-টেবিলগুলো ধুলাবালিতে ভরে গেছে। শিক্ষার্থীরা গ্রন্থাগারের চেয়ারে বসে পড়াশোনার বদলে গল্পগুজবে মশগুল। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গ্রন্থাগারে পত্রিকা এলেও সেগুলো শিক্ষার্থীদের সব সময় পড়তে দেওয়া হয় না। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক রেফারেন্স ও নতুন বইয়ের সংকট রয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে গ্রন্থাগারিকসহ গ্রন্থাগারসংশ্লিষ্ট পদগুলো শূন্য থাকায় গ্রন্থাগার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় শরীরচর্চা শিক্ষকসহ বেশ কয়েকজনকে গ্রন্থাগার পরিচালনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষালাভের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিবছর নতুন বই কেনা হচ্ছে।সিলেট সরকারি মহিলা কলেজ: সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থিত সিলেট সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৩৯ সালে। প্রায় সাড়ে সাত হাজার ছাত্রী ওই কলেজে পড়াশোনা করছেন। এত সংখ্যক শিক্ষার্থীর জন্য গ্রন্থাগারে দুটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকের পাশাপাশি স্থানীয় পত্রিকা রাখা হয়। কলেজের প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর কলেজের গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যাটালগারের পদ শূন্য রয়েছে। তবে বুকসর্টার হিসেবে হাজেরা বেগম নামের একজন কর্মরত আছেন। তিনি একাই পুরো গ্রন্থাগার দেখভাল করে থাকেন। কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী বলেন, ‘আমাদের গ্রন্থাগারে লাখ খানেক বই রয়েছে। তবে এসব বই দেখভাল করার জন্য লোকবল-সংকটের কারণে ছাত্রীরা কাঙ্ক্ষিত সুবিধা হয়তো ঠিকমতো পাচ্ছে না। তবে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।’সিলেট সরকারি কলেজ: সিলেট শহরতলির টিলাগড় এলাকায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে সিলেট সরকারি কলেজ। প্রতিষ্ঠানটিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজের গ্রন্থাগারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রন্থাগারে প্রায় ১৬ হাজার বই রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য প্রতিদিন চারটি জাতীয় দৈনিকের পাশাপাশি দুটি স্থানীয় দৈনিকও রাখা হচ্ছে। কলেজের বুকসর্টার এইচ এম বাবুল জানান, প্রায় ১০ বছর ধরে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক ও ক্যাটালগারের পদ শূন্য রয়েছে। কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, গ্রন্থাগারে ইন্টারনেট-সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে বসবাস করেও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছেন। অনেক সময় শিক্ষাসম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে অন্য কলেজের সহপাঠীরা সংগ্রহ করতে পারলেও তাঁরা ইন্টারনেট-সুবিধার অভাবে তা পারছেন না। কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আলম বলেন, আগামী জুলাই মাস থেকে কলেজের গ্রন্থাগারে ইন্টারনেট-সুবিধা দেওয়া হবে। এর পর থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট-সম্পর্কিত দুর্ভোগ আর থাকবে না।