গ্রন্থাগারের উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ৭১টি গণগ্রন্থাগারের জন্য সরকারের বার্ষিক বরাদ্দ মাত্র ১ কোটি টাকা। ১৬ কোটির বেশি জনসংখ্যার এ দেশে বই পড়ার জন্য মাথাপিছু সরকারি বরাদ্দ মাত্র ৬০ পয়সা। এত কম টাকা বরাদ্দ নিয়ে বই পড়ায় মানুষকে উদ্বুদ্ধ করার কাজটি কঠিন।

জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮ উপলক্ষে প্রথম আলোর গ্রন্থাগার ও অভিলেখ্যাগার আয়োজিত এক আলোচনা সভায় গতকাল শনিবার এসব তথ্য উঠে আসে। সরকারের উদ্যোগে এ বছর থেকে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো কার্যালয়ে ‘বাংলাদেশের গ্রন্থাগারসমূহের বর্তমান অবস্থা: পাঠাভ্যাস ও প্রযুক্তি’ শীর্ষক এই আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রন্থাগার-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলো গ্রন্থাগার ও অভিলেখ্যাগারের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা দেন গ্রন্থাগার কর্মকর্তা এস এ মতিন। স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের গবেষণা ও আর্কাইভসের উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘জাতীয় গ্রন্থাগার দিবসের অনেক আগে থেকেই গ্রন্থাগার নিয়ে প্রথম আলো অনেক কাজ করেছে। সবার মতামত নিয়ে ভবিষ্যতে এ বিষয়ে আরও কাজ করতে চাই।’ অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক এস এম জাবেদ আহমদ। গণগ্রন্থাগারগুলোর জন্য সরকারের যে বাজেট, তা দিয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। গ্রন্থাগারগুলোর বই কেনার প্রক্রিয়াতেও সমস্যা আছে। সব সময় কম টাকায় যত বেশি সম্ভব বই কেনার চেষ্টা করা হয়। কিন্তু এসব বই কতটা কাজে লাগছে, সেটা নিয়ে ভাবা হয় না।

ব্যানবেইসের গ্রন্থাগারিক মিজানুর রহমান বলেন, বেশির ভাগ গ্রন্থাগার ওপরে ফিটফাট, ভেতরে অন্তঃসারশূন্য। স্কুলপর্যায়ের গ্রন্থাগার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান বলেন, বেসরকারি গ্রন্থাগার দেখভালের দায়িত্বে থাকা জাতীয় গ্রন্থকেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত।

প্রথম আলোর সহকারী গ্রন্থাগারিক আফরিন শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মো. নাসিরুদ্দিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের প্রধান দিলারা বেগম, লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ আলী আকবর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের উপপরিচালক জিল্লুর রহমান প্রমুখ।