জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সাত হাজার ৬৮৮টি পুরোনো ও দুর্লভ বই কেজি দরে ৫৪ হাজার টাকায় বিক্রি করার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের বাধার মুখে বইয়ের ক্রেতাকে মূল্য ফেরত দিতে বাধ্য হয়।
বই বিক্রির নিলাম বিজ্ঞপ্তিতে লেখা ছিল বইগুলো পড়ার অনুপযোগী। কিন্তু বইগুলো ঘেঁটে দেখা যায়, অধিকাংশ বই-ই পড়ার উপযোগী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিক্তিতে বই মাপতে দেখে কয়েকজন শিক্ষার্থী এর কারণ জানতে চান। এ সময় গ্রন্থাগারের এক কর্মকর্তা জানান, বইগুলো গত বুধবার নিলামে বিক্রি হয়ে গেছে।
তখন শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন এবং বইয়ের ক্রেতাকে টাকা ফেরত দিতে বলেন। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় বিভিন্ন বিভাগের ১০ থেকে ১৫ জন শিক্ষক গ্রন্থাগারের সামনে উপস্থিত হন। শিক্ষক-শিক্ষার্থীদের বাধায় প্রশাসন বইয়ের ক্রেতাকে বিক্রীত বইয়ের মূল্য ফেরত দেয়। বইগুলো বর্তমানে গ্রন্থাগারের ভেতরের করিডরে অরক্ষিত অবস্থায় রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালের ৩০ জানুয়ারি এক সিন্ডিকেট সভায় গ্রন্থাগারের সাত হাজার ৬৮৮টি বই নিলামে বিক্রি করার অনুমতি দেওয়া হয়। ওই সময় উপাচার্য ছিলেন শরিফ এনামুল কবীর। সেই বইগুলো গত বুধবার নিলামে তোলা হয়। নিলামের আগে প্রতিটি বিভাগে এ সম্পর্কে বিজ্ঞপ্তি পাঠানোর কথা থাকলেও বেশ কয়েকটি বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তারা নিলামসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পায়নি।
শিক্ষার্থী সামজীর আহমদ, সাকীব রাফসান ও সৈকত সাদিক বলেন, পুরাতন ও দুর্লভ বই গ্রন্থাগারেই সংরক্ষণ করা হয়। কিন্তু প্রশাসন তা না করে বই বিক্রি করে দিচ্ছে। এ ধরনের কাজকর্ম থেকেই প্রশাসনের শিক্ষা সহায়ক মনোভাব বোঝা যায়।
বই বিক্রির ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য আফসার আহমদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানতাম না। জানার পর বই বিক্রিসংক্রান্ত সব কাজকর্ম স্থগিত করতে বলেছি।’