দেশেরে বিভিন্ন স্থানে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গ্রন্থাগারের বই সাজানো, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ পরীক্ষা এবং বীজ বিতরণ করা হয়েছে।আজ ৪ নভেম্বর শুক্রবার প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ওই সব কাজ করা হয়। এ ছাড়া আরও কিছু কর্মসূচি পালন করা হয়। আজও সারা দেশের বন্ধুরা নানা কর্মসূচি পরিচালনা করবেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: জেলার সীমান্তসংলগ্ন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বই ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে, খাওয়ানো হয়েছে কৃমিনাশক বড়ি। উল্লেখ্য, প্রথম আলোর পাঠক ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া গ্রামবাসীর রক্তের গ্রুপ পরীক্ষা, গ্রামের একটি পুকুরের কচুরিপানা পরিষ্কার, বন্ধুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা, ভূরিভোজ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুসভার সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচির আয়োজন করেন।যশোর: যশোরের সরকারি গণগ্রন্থাগারে ২৬ হাজার বই রয়েছে। কিন্তু লোকবলের অভাবে বইগুলো এত দিন সাজানো সম্ভব হয়নি। বন্ধুসভার উদ্যোগে গতকাল বইগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। ৩৫ জন বন্ধু গতকাল সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বইগুলো আলমারি ও তাকে সাজিয়ে দেন। এর আগে গ্রন্থাগারের পাঠকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক হাফিজুর রহমান বলেন, বন্ধুসভার এ উদ্যোগের ফলে পাঠকেরা খুব উপকৃত হবেন। আরও বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক মুকিত-উল-ইসলাম ও অলিপ বিশ্বাস।কিশোরগঞ্জ: জেলার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম পাথুয়াইয়ে বন্ধুসভার উদ্যোগে গতকাল বিনা মূল্যে চিকিৎসা শিবির খোলা হয়। এতে পাথুয়াইর ও আশপাশের গ্রামের শতাধিক দুঃস্থ ও বয়স্ক মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এর আগে গ্রামের সাধারণ নারীদের স্যানিটেশন ও পুষ্টি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। বন্ধুসভার সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করেন।কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদের নেতৃত্বে চিকিৎসা শিবিরে আরও অংশ নেন বন্ধুসভার সদস্য ও চন্দ্রাবতী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীণা আক্তার, সহকারী শিক্ষক নুরুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা।সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী বন্ধুসভার দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও শিমলাপল্লী এস আর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। পরে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বন্ধুসভার সদস্যরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল শোভাযাত্রা হয়েছে। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।শোভাযাত্রা চলাকালে শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর রায় বক্তব্য দেন। এরপর বন্ধুসভার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় তিন ঘণ্টাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।