গ্রহণ বা প্রত্যাখ্যান জনগণই ঠিক করবে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করার অধিকার সবার আছে। দেশের জনগণই ঠিক করবে কাকে গ্রহণ করবে বা কাকে প্রত্যাখ্যান করবে। এটা জনগণের ইচ্ছা।’ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের বাঁশবাড়িয়া সেতু উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী। এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিতে ফিরে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘নির্বাচন পদ্ধতি শুরু হওয়ার পর থেকে কোনো সরকারই এক মেয়াদের বেশি থাকতে পারেনি। তাই আমাদের দেশে সরকারের ধারাবাহিকতা থাকে না। আসলে উন্নয়নের ধারাবাহিকতার জন্য যেকোনো সরকারকে অন্তত দুই মেয়াদে থাকা দরকার। সেটা নির্ভর করে আল্লাহ পাকের ইচ্ছা ও জনগণের চাওয়ার ওপর। জনগণ আমাদের আরেকবার সুযোগ দিলে পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে। মেট্রোরেল, ট্রানজিট ও এলিভেটেড এক্সপ্রেসের মতো কাজগুলো দৃশ্যমান করা যাবে।’
ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেন প্রকল্পের ২৩টি সেতুর মধ্যে আজকের তিনটিসহ এ পর্যন্ত চারটি সেতু, ২৪৪টির মধ্যে ২২৮টি কালভার্ট উদ্বোধন করা হয়েছে। মোট ৩০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। সব মিলিয়ের প্রকল্পের মোট ৬০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বড় বড় প্রকল্পের কাজ বাস্তবায়নের বড় সমস্যা হলো জমি অধিগ্রহণের সমস্যা। প্রকল্পের মধ্যে মন্দির, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্মশান, কবরস্থান ও মাজার পড়লে এগুলোকে সরিয়ে কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। ফলে লক্ষ্য অর্জন করা যায় না। অনেকে মনে করে ফান্ডের অভাবে কাজ হচ্ছে না। সেটা কিন্তু ঠিক না। বর্ষা মৌসুমে বিটুমিনের কাজ করা যায় না বলে এখন বন্ধ রয়েছে। ডিসেম্বর থেকে আবার কাজ শুরু করা হবে।’
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার জোড় আমতল বাইপাস এলাকায় ঘোড়ামারা সেতু ও বেলা ১১টায় শুকলালহাট সেতুর উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন, সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।