গ্রহণযোগ্য নির্বাচন করা হবে বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সবার অংশগ্রহণ, অংশগ্রহণকারী সবার জন্য সমান সুযোগ সৃষ্টি, শান্তিপূর্ণ পরিবেশে সব ধরনের হস্তক্ষেপমুক্ত ও কারচুপিহীন নির্বাচন নিশ্চিত করাই সেই চ্যালেঞ্জ।
তিন সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার পর এ সম্পর্কে প্রথম আলোর প্রশ্নের জবাবে কয়েকজন বিশিষ্ট নাগরিক এসব মন্তব্য করেছেন। একটি বিষয়ে তাঁরা সবাই একমত পোষণ করেন যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিদ্যমান অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য এই নির্বাচনকে সুযোগ হিসেবে নিতে পারে। নেওয়া উচিতও। আসন্ন এইচএসসি পরীক্ষার মধ্যে এই নির্বাচন আয়োজন কিছু সমস্যার সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তাঁরা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে বিদ্যমান অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির নিরসন হবে কি না, না হলে নির্বাচনকে ঘিরেও সন্ত্রাসী কর্মকাণ্ড হবে কি না, হলে কতটা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে—এসব প্রশ্ন মানুষের মধ্যে আছে। একইভাবে প্রার্থীদের মধ্যেও প্রশ্ন আছে, এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন হলে তাঁরা নিরাপদে নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন তো?
তোফায়েল আহমেদ বলেন, সবাই নির্বাচনে অংশ নিয়ে এই নির্বাচনকে চলমান রাজনৈতিক সংকট নিরসনের একটি জানালা হিসেবে ব্যবহার করতে পারে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই নির্বাচন অনেক আগেই হওয়ার কথা ছিল। তাই নির্বাচন হওয়া উচিত। তবে এই নির্বাচনে অংশগ্রহণকারী সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা ও সবার কাছে নির্বাচনটি গ্রহণযোগ্য করা এক বড় চ্যলেঞ্জ। এই নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও সরকারের কোনো পর্যায়ের কোনো ধরনের হস্তক্ষেপ যেন না হয়, সেটা নিশ্চিত করাই সরকারের জন্য চ্যালেঞ্জ।
ইফতেখারুজ্জামান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু বিদ্যমান পরিস্থিতি থেকে বের হয়ে আসার সুযোগ হিসেবে এই নির্বাচনকে নেওয়া উচিত। নির্বাচনে অংশ নেওয়াই গণতান্ত্রিক রাজনীতির মূল বিষয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এইচএসসি পরীক্ষার মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, সবারই জানা আছে যে ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ২৮ এপ্রিলের মধ্যে সে পরীক্ষা শেষও হবে না। তা ছাড়া, যখন পরীক্ষা শুরু তখনই নির্বাচনের ডামাডোলও শুরু হবে। এটা অবশ্যই নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত।
হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন কমিশন (ইসি) প্রথমে বলেছিল জুনের কথা। তারপর ইসির সঙ্গে পুলিশের মহাপরিদর্শক সাক্ষাৎ করে ৩০ এপ্রিলের মধ্যে নির্বাচন করার পরামর্শ দিলেন। দেখা গেল, ইসি তা-ই করেছে। এতে তো মনে হয়, ইসিকে তারিখটা কেউ বলে দিয়েছে (তারিখটা ডিকটেটেড)।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত বলেন, সিটি করপোরেশনের নির্বাচন কাগজে-কলমে নির্দলীয়। কিন্তু বাস্তবে এটি দলীয় প্রভাবের নির্বাচন। সুতরাং এই নির্বাচনে সব দলের বা ধারার অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য অপরিহার্য। তবে সব দল বা ধারার প্রার্থীদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তখনই সম্ভব হবে, যখন নির্বাচন কমিশন (ইসি) সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করতে পারবে। সেটা করা না গেলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। ইসি বিশ্বাসযোগ্যতা হারাবে।
এম সাখাওয়াত বলেন, এই নির্বাচনে ইসির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে সংশ্লিষ্ট দুই সিটি করপোরেশর এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রভৃতি ইসির অনুমোদন সাপেক্ষে হতে হবে। কেউ প্রার্থী হওয়ার পর তাঁর নামে নতুন মামলা দায়ের বা গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। শেষ চ্যালেঞ্জ হলো নির্বাচনের দিনে যে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ, ভোট কারচুপি, জালভোট, কেন্দ্র দখল প্রভৃতি বন্ধ করা। এগুলো করা না গেলে, নির্বাচন সুষ্ঠু না হলে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন অনেকে তুলতে পারেন। কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উচিত, এই নির্বাচনের মাধ্যমে স্বাভাবিক রাজনৈতিক ধারা ও কর্মকাণ্ড শুরু করার সুযোগ নেওয়া।