গ্রহণযোগ্য ইসি গঠন সম্ভব হবে, আশা রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসি নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পেশ করে অনুসন্ধান কমিটি
ছবি: বাসস

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটির কাছ থেকে ১০টি নামের তালিকা পেয়ে এর ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে দশটি নাম–সংবলিত একটি সুপারিশনামা পেশ করে অনুসন্ধান কমিটি। এ সময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে বলেন, এ সময় রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। এই নির্বাচন কমিশন ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সক্ষম হবে। রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

অনুসন্ধান কমিটির সদস্যরা তাঁদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তালিকা প্রস্তুত করে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছে। রাষ্ট্রপতি শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চারজন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন