গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান ইউএসএআইডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা (ইউএসএআইডি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে। সংস্থাটির প্রশাসক রাজীব জে শাহ এ চিঠি পাঠান। গতকাল সোমবার বার্তা সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে রাজীব জে শাহ বলেন, ‘বাংলাদেশের জনগণ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। জনগণ আন্তরিকভাবে যে রকম নির্বাচন প্রত্যাশা করে, সে রকমই একটি নির্বাচন অনুষ্ঠানে সর্বসম্মত পথ বের করতে আমি আপনাকে অনুরোধ জানাই।’

সংস্থটির ১৬তম প্রশাসক রাজীব শাহ চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। জনগণের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন তিনি।

রাজীব শাহ বলেন, ‘আপনার সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত পথ খুঁজে বের করতে সাহায্য করতে পারে।’

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সাম্প্রতিক ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে চিঠিতে রাজীব শাহ বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার গঠনমূলক সংলাপ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যেকোনো অচলাবস্থা কাটাতে সক্ষম বলে মনে করে যুক্তরাষ্ট্র।

রাজীব শাহর এই চিঠির আগে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রভাবশালী ছয় সদস্য পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কাছে চিঠি পাঠান। চিঠিতে তাঁরা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এ দুই নেত্রীর প্রতি অবিলম্বে ‘সরাসরি মধ্যস্থতায়’ বসার আহ্বান জানান।