গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি: তৈমুর
দেশ ও জাতির ক্রান্তিকালে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার কূটকৌশল করছে। গোয়েন্দাদের মাধ্যমে অবগত হয়ে বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার এসব কথা বলেন।
তৈমুর আলম বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। এটা ভেবে সরকার এখন জনগণের ওপর নির্ভরশীল না হয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। জনগণ এ দেশে নির্বাচিত সরকার চায়। তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া এ দেশে নির্বাচন হতে দেবে না জনগণ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা সামসুজ্জামানের সভাপতিত্বে পৌর ওলামা দলের সহসভাপতি সোহেল মিয়ার বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা ওলামা দলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান, ওলামা দলের নেতা মাজহারুল ইসলাম, এনামুল হক খান, কামাল খান, আমির হোসেন, আলম মিয়া প্রমুখ।