গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে বিরোধী দলের হামলা ও প্রাণহানি ঠেকাতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনি কেন্দ্র দখল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরকারি দলের কর্মীদের ব্যালট পেপারে সিল মারার মতো ঘটনাও বন্ধ করতে পারেনি। উপরন্তু ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি কমিশনকে আরও বিপাকে ফেলেছে।
গতকাল রাত আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করেছেন, নির্বাচনে ৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট কি না বা কমিশন সফল কি না—জানতে চাইলে সিইসি বলেন, ‘নির্বাচনে সবার অংশগ্রহণ থাকলে সুন্দর হতো। সব দল যাতে নির্বাচনে আসে, সে জন্য প্রচুর সময়ও দেওয়া হয়েছিল। আমাদের আশা ছিল, প্রধান দুই দলের মধ্যে দূরত্ব কমবে এবং সমঝোতা হবে। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদের নির্বাচন করতে হয়েছে।’
সিইসি আরও বলেন, কত শতাংশ ভোট গৃহীত হয়েছে, তা সব আসনের হিসাব পাওয়ার পর বলা যাবে। নতুন করে কতটি আসনে ভোট নিতে হবে, সেটাও পরে বলা যাবে।
এর আগে গতকাল দুপুরে সিইসি বলেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন করছে না। তাই ভোটার উপস্থিতি কিছুটা কম হবে। কেউ যদি ১০ ভোটও পান, তাতে কোনো ব্যতিক্রম হবে না। বিভিন্ন স্থানে আগুনে পুড়ে যাওয়া ও স্থগিত কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ২৪ জানুয়ারির মধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ১৯৮৮ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে কমিশন মাঠ কর্মকর্তা ও প্রার্থীদের কোনো অভিযোগ আমলে নেয়নি। বর্তমান কমিশনও সেই পথের অনুসারী হয়েছে। দিনভর মাঠ কর্মকর্তা এবং দুর্বল প্রার্থীদের কাছ থেকে বিস্তর অভিযোগ এলেও কমিশন কোনো অভিযোগই আমলে নেয়নি।
সহিংসতার কারণে নির্বাচন কমিশন মোট ৩৬টি আসনের ৫৩৯ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে। গতকাল রাত ১২টার দিকে কমিশন সচিবালয় থেকে এ তথ্য পাওয়া যায়।
অতীতের নির্বাচনগুলোতে ভোটের দিন কমিশন সচিবালয় থেকে গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। কিন্তু গতকালের চিত্র ছিল ভিন্ন। কড়াকড়ির মধ্যেও সকালবেলা তবু কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু দুপুরের পর কমিশন সচিবালয় থেকে সংবাদকর্মীদের কোনো তথ্য দেওয়া হয়নি। কোথায় কতটি কেন্দ্র স্থগিত হয়েছে, কত কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, কতটি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়েছে—সে সম্পর্কে নির্বাচন কমিশন কিছু বলতে রাজি হয়নি। কর্মকর্তারা জানান, কমিশনের নিষেধ আছে। দুপুরে সিইসি নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও ভোট গ্রহণ শেষে তিনি আর গণমাধ্যমের সামনে আসেননি।
এমনকি একতরফা এই নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ ছিল না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদসহ অন্য চার কমিশনারের। দুপুরের দিকে সিইসি পুরান ঢাকার বদরুন্নেসা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তখন সেখানে কোনো ভোটার ছিলেন না। ওই কেন্দ্র দেখেই কমিশনে ফিরে আসেন সিইসি। কমিশনার জাবেদ আলী ক্যান্টনমেন্ট এলাকার মুসলিম মডার্ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। বাকি তিন কমিশনার কার্যালয় থেকে বের হননি।
কমিশন সচিবালয়ের সূত্রগুলো জানায়, বিভিন্ন আসনের অনেক প্রার্থী কমিশনে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সেসব অভিযোগ আমলে নেওয়া হয়নি। অনেক রিটার্নিং কর্মকর্তা মাঠের চিত্র ও তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা লিখিত ও মৌখিকভাবে কমিশনকে জানিয়েছেন। অনেক জেলায় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনায় করণীয় জানতে চেয়েও কমিশনের কাছ থেকে তাঁরা কোনো দিকনির্দেশনা পাননি। তবে সন্ধ্যার পর বেশির ভাগ রিটার্নিং কর্মকর্তা লিখিত প্রতিবেদনে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম গতকাল দুপুরে কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, তাঁর আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়শা ফেরদাউসের সমর্থকেরা ২০টির মতো কেন্দ্র দখল করে ইচ্ছামতো ব্যালট পেপারে সিল মেরেছেন। কুমিল্লা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলাম কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিকার চেয়েও পাননি। তাঁর অভিযোগ, জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলামের সমর্থকেরা ২৫টি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছেন। ঢাকা-১৫ আসনের এখলাস উদ্দিন মোল্যাহ্ দুপুর ১২টার সময় নির্বাচন কমিশনে এসে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কামাল মজুমদারের সমর্থকেরা ৭০টি কেন্দ্র দখল করেছেন। পুলিশ নিষ্ক্রিয় ছিল। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা ও ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের লোকজন কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তরীকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান (সহিদ)।
অবশ্য দুপুরে অভিযোগের ব্যাপারে কাজী রকিব উদ্দীন সাংবাদিকদের বলেছিলেন, ‘সব অভিযোগই আমলে নিচ্ছি। সত্যতা আছে কি না, তা দেখা হচ্ছে।’
সার্বিক মূল্যায়নে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে।’