দশম সংসদ নির্বাচন এবং চতুর্থ উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালী করাসংক্রান্ত প্রকল্পে (এসইএমবি) অনুদান কমিয়ে দিয়েছে দাতা সংস্থা।
এ প্রকল্পের পুরো অর্থের জোগান দেয় ইউএসএআইডি, ইউকেএআইডি ও ইউরোপীয় কমিশন। প্রকল্পটির সমন্বয়কারী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ইতিমধ্যে ইউএনডিপি কমিশনকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০১৬ সালে প্রকল্পটি শেষ হওয়ার আগ পর্যন্ত টাকা ছাড়ের পরিমাণ আরও কমে যাবে।
এসইএমবি প্রকল্পে প্রধান কারিগরি উপদেষ্টা নিয়োগ বিজ্ঞপ্তির পটভূমিতে আবেদনকারীদের উদ্দেশে ইউএনডিপি এসব কথা বলেছে। ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
টাকার জোগান কমিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ইউএনডিপি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে এ বিষয়ে তাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে।
তবে ইউএনডিপির এ বিজ্ঞপ্তি সম্পর্কে সিরাজুল ইসলাম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রকল্পে টাকা কমিয়ে দেওয়া বা একেবারে না দেওয়ার এখতিয়ার তাদের আছে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সমালোচনা তারা করতে পারে না।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইসি ২০১১ সালে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালী করা (এসইএমবি) সংক্রান্ত পাঁচ বছরমেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পে ব্যয় ধরা হয় মোট ১৪১ কোটি টাকা। তবে ইতিমধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশ টাকা ছাড় হয়েছে।
বিজ্ঞপ্তির পটভূমিতে ইউএনডিপি বলেছে, ৫ জানুয়ারির সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত হয়েছিল। এতে অর্ধেকের বেশি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এ অবস্থায় দাতারা ইসির এসইএমবি প্রকল্পে টাকা কমিয়ে দেওয়ার কথা বলেছে। জাতিসংঘের নির্বাচন সহায়তা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি প্রকল্পটি অব্যাহত রেখে চলতি বছর থেকে প্রকল্পের টাকা কমিয়ে দিয়ে তা ধাপে ধাপে দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। এ জন্য কারিগরি উপদেষ্টা নিয়োগের পর এ বছরই তারা প্রকল্পটি নতুন করে পর্যালোচনা করবে।
ইসি সচিবালয় জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এ প্রকল্পের টাকায় গ্রহণ করা হয়েছিল। এ ছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্যামেরা, স্ক্যানার ও ল্যাপটপসহ অন্যান্য যন্ত্রপাতিও এ প্রকল্পের টাকায় কেনা হয়েছিল। সংসদ ও উপজেলা নির্বাচনের পর দাতাদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো টাকা ছাড় করা হয়নি।
সচিব সিরাজুল ইসলাম জানান, এসইএমবি প্রকল্পের আওতায় ইসি নির্বাচনের প্রার্থীসম্পর্কিত তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতিসংক্রান্ত দুটি সফটওয়্যার তৈরি করেছে। নির্বাচনের পর এ নিয়ে খুলনা, রাজশাহী ও সিলেটে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এ সেমিনার হবে।
বিজ্ঞপ্তিতে ইসির প্রকল্প পর্যবেক্ষণ, নির্বাচন ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে পরামর্শ দিতে একজন প্রধান কারিগরি উপদেষ্টা নিয়োগের কথা বলা হয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। নিয়োগ পাওয়া ব্যক্তি ১ ডিসেম্বর থেকে কাজ শুরু করবেন।