গ্রহণযোগ্য নির্বাচন না হলে ‘অজানা সমস্যা’ আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত। কারণ, গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে ‘অজানা সমস্যার’ উদ্ভব হতে পারে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। ‘কীভাবে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হতে পারে?’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ—বামাসপ।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, ইসিকে অবিতর্কিত হতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে গ্রহণযোগ্য নির্বাচন না হলে অনেক অজানা সমস্যা নিয়ে আসবে। আকবর আলি খান বলেন, রাজনৈতিক দলগুলোই তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করেছিল। আবার দলগুলো প্রতিবন্ধকতাও সৃষ্টি করছে। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সমাধান, তা মনে করি না। এটা ছিল একটি সামাজিক চুক্তি। তাই এটা না রাখতে চাইলেও সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে।’সভাপতির বক্তৃতায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আমাদের দেশে যেভাবে রাজনৈতিক বিভক্তি, সেখানে কোনো জিনিস আনা খুবই কঠিন।’নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামীতে যাদের দিয়ে ইসি গঠন হবে, তাদের ওপর আস্থা থাকতে হবে। গতিশীল হতে হবে। রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে ইসি করতে হবে। না হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার পক্ষে মত দেন।আলোচনায় মূল প্রবন্ধে বামাসপ সভাপতি এ এইচ এম নোমান গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ‘নির্বাচন তত্ত্বাবধায়ক পরিষদ’ গঠনের প্রস্তাবনা তুলে ধরেন। জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তৃতা করেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী, ব্যবসায়ী এম এ রউফ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শাহনাওয়াজ, বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান শারমীন মোরশেদ প্রমুখ।নৌমন্ত্রীর বক্তৃতা ঘিরে উত্তেজনা: নৌমন্ত্রী শাজাহান খান মুক্তিযুদ্ধের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে উপস্থিত বিএনপির নেতারা তীব্র প্রতিবাদ জানান। এরপর বিএনপির নেতা আসাদুজ্জামান রিপনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এ নিয়ে আবারও উত্তেজনার সৃষ্টি হয়।