গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরিভিত্তিতে সংলাপ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরিভিত্তিতে রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে প্রস্তাব পাস করা হয়েছে মার্কিন সিনেটে। গত মঙ্গলবার প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়।
পাস হওয়া প্রস্তাবে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন সিনেট। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘সরাসরি ও অর্থবহ’ সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকারকর্মীদের ওপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সরকারের প্রতি। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক বিক্ষোভের সুযোগ দেওয়ার জন্য আশু পদক্ষেপ নিতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিনেটর রিচার্ড ডার্বিন, মাইকেল বি এনজি ও ক্রিস্টোফার এস মর্ফি প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন গত মাসে। এরপর গত ১১ ডিসেম্বর সেটি সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে পাঠানো হয়। কমিটি গত ১৮ ডিসেম্বর প্রস্তাবটিতে সম্মতি দেয়। এরপর গত মঙ্গলবার তা সিনেটে সর্বসম্মতিতে পাস হয়। বৃহস্পতিবার প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়।