গ্রহণযোগ্য নির্বাচনের পথ খোঁজার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশাপাশি ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য তাদের পক্ষ থেকে রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

চলমান সহিংসতায় জাপান গভীর উদ্বেগ জানিয়েছে। এর পাশাপাশি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে দুই দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাবি পিল্লাই সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে গত রোববার বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক কিংবা নির্বাচন-সংক্রান্ত সহিংসতায় রাজনীতিবিদসহ অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর নজির রয়েছে।

ঢাকায় জাতিসংঘ প্রতিনিধিদল: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি প্রতিনিধিদল ১০ দিনের সফরে গত রোববার ঢাকায় এসেছে। বাংলাদেশের মানবাধিকার কমিশনের সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে এ সফরটি পূর্বপরিকল্পিত হলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা মাঠপর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখবে। এরপর জেনেভায় ফিরে নাবি পিল্লাইয়ের কাছে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন তুলে ধরবে প্রতিনিধিদলটি।

জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওএইচসিএইচআরের এশিয়া বিভাগের সফররত দলটি সুনির্দিষ্টভাবে নাগরিক সমাজ, ধর্মীয় গোষ্ঠীসহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। মূলত মানবাধিকার কমিশনের কার্যক্রমের মূল্যায়ন ও সামর্থ্য বাড়াতে এ সফরের আয়োজন করা হয়েছিল। কিন্তু সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা চলমান পরিস্থিতি মূল্যায়নে বিশেষ গুরুত্ব দেবে।

জাপানের উদ্বেগ: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাবি পিল্লাইয়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

গতকাল এক বিবৃতিতে সাদোশিমা বলেন, দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও উন্নয়নে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে, এমন সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানায়। সহিংসতা বন্ধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে জাপান।