গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট নিরসনে ও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। উদ্যোগের অংশ হিসেবে গতকাল রোববার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিবি-বাসদের নেতারা।
সভায় বলা হয়, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। এর ব্যত্যয় হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে।
নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান বিতর্কের দ্রুত অবসান প্রয়োজন। সরকার ও বিরোধী দল ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। সিপিবি-বাসদ ঐক্য, গণফোরাম ও অন্যান্য দলেরও প্রস্তাব রয়েছে।
সভায় বলা হয়, সার্বিক সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ-বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জোট ও মহাজোটের বাইরে সব বামপন্থী, প্রগতিশীল, উদার গণতন্ত্রী, দেশপ্রেমিক, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন দল ও শক্তি-ব্যক্তিকে নিয়ে সেই বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার কাজ অগ্রসর করতে হবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বৈঠকে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম ও সুব্রত চৌধুরী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম ও আহসান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাদের সঙ্গে সিপিবি-বাসদের নেতাদের বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।