গ্রহণযোগ্য হবে না কারও কাছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ছিল। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ দফা পর্যন্ত ধাপে ধাপে ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনা বাড়তে থাকে। একইভাবে বাড়তে থাকে সরকারি দলের ‘সাফল্য’। দেশের চার বিশিষ্ট নাগরিক এই স্থানীয় নির্বাচনকে কীভাবে দেখছেন, কী তাঁদের পর্যবেক্ষণ—জানিয়েছেন প্রথম আলোকে।

আকবর আলি খান
আকবর আলি খান

দফায় দফায় উপজেলা নির্বাচনের প্রক্রিয়ায় প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত অনিয়ম ও হানাহানি বৃদ্ধির যে প্রবণতা, তা যে পঞ্চম দফায়ও অব্যাহত থাকবে, সে কথা এখন বলে দেওয়া সম্ভব নয়। পঞ্চম দফার নির্বাচন অন্য রকমও হতে পারে। কেমন হবে তা দেখার বিষয়।
তবে নির্বাচনের ব্যাপারে মৌলিক বিষয় হলো—নির্বাচন সুষ্ঠু না হলে তা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সাধারণ মানুষের কাছেও না, রাজনৈতিক দলগুলোর কাছেও না। এ ধরনের অগ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে সৃষ্ট স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পরিষদ কখনোই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এভাবে নির্বাচন হলে নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সেটা হবে গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ একটি বিষয়। নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা না থাকলে গণতান্ত্রিক শাসনপদ্ধতি কার্যকর হতে পারবে না। বিষয়টি রাজনীতিকদের গভীরভাবে ভেবে দেখা দরকার।
আকবর আলি খান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।