গ্রহণযোগ্যতা জনসমর্থনের ওপর নির্ভর করে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কোন দল নির্বাচনে অংশ নিল বা না নিল; তার ওপর সরকারের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। এটি জনগণের সমর্থনের ওপর নির্ভর করে।’ জাতীয় স্বার্থে বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য নতুন সরকারের শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আজ সোমবার সকালে মন্ত্রণালয়ে যান। নিজের প্রথম কার্যদিবসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, ‘খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কল-কারখানাগুলো চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ জন্য বর্তমান সরকার বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ তিনি আরও বলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিল্প খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের পোশাকশিল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকার এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শিল্পায়নের ধারা অব্যাহত রাখবে।
এর আগে মন্ত্রণালয়, বিভিন্ন করপোরেশন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএর নেতারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দেশের শিল্প খাত গতিশীল করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।