গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যৌথ উদ্যোগে যাচ্ছে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিংয়ের কাজ অংশীদারির ভিত্তিতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ জন্য পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানায়, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের জন্য বিমান ইতিমধ্যে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) আহ্বান করেছে। এতে ১৮টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে, যার সবই বিদেশি প্রতিষ্ঠান। তাদের প্রস্তাব বাছাইয়ের কাজ চলছে।
ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের হজরত শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ শুরু থেকেই বাংলাদেশ বিমান করে আসছে। এর মধ্যে শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের আয়ের একটি বড় খাত। এ খাতে এখন বছরে প্রায় ৪০০ কোটি টাকা আয় করে।
অবশ্য এ ক্ষেত্রে বিমানের অনিয়ম-অদক্ষতার বদনামও দীর্ঘদিনের। বিমানবন্দরকেন্দ্রিক একাধিক সূত্র জানায়, গত পাঁচ বছরে এ খাতের জন্য বাংলাদেশ বিমান ৪৪৩ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে। তার পরও নিখুঁত গ্রাউন্ড হ্যান্ডলিং করার মতো আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। যে কারণে যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়াসহ উড়োজাহাজে মালামাল ওঠানামা, জ্বালানি ভরা, পরিচ্ছন্নতা, উড়োজাহাজ অবতরণের পর বিদ্যুৎ সরবরাহসহ অন্যান্য কাজে দেশি-বিদেশি সব বিমান সংস্থাকেও ভোগান্তি পোহাতে হচ্ছে। বিমানের অভ্যন্তরীণ এক তদন্তেও এ খাতে বড় ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। এ নিয়ে প্রথম আলোতে গত ২৫ ডিসেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় নানামুখী সমালোচনায় বিমান কর্তৃপক্ষ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ কাজটি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এর আগে ব্রিটিশ নাগরিক কেভিন স্টিল বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালে গত বছর শাহজালাল বিমানবন্দরের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ যৌথভাবে পরিচালনায় সরাসরি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল বিমান। তখন পাঁচটি দরপত্র জমাও পড়েছিল। বিমানের দরপত্র যাচাই-বাছাই কমিটির কাছে তিনটি প্রতিষ্ঠানের দরপত্র গ্রহণযোগ্য বিবেচিত হয়। সেগুলো ছিল সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সুইসপোর্ট, দুবাইভিত্তিক ডানাটা ও তুরস্কের সিভেলি। পরে ওই দরপত্র বাতিল করা হয়। এর কারণ হিসেবে তখন বিমানের কর্মকর্তারা বলেছিলেন, এ ধরনের যৌথ উদ্যোগে বাইরের কোম্পানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশ বিমানের নেই। এ কারণেই পরে বিমানের পরিচালনা পর্ষদ এ বিষয়ে পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং যৌথ উদ্যোগে করতে একটি নীতিমালা তৈরি ও দুই পক্ষের জন্য দর নির্ধারণ এবং আরএফপি নীতিমালা তৈরি, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ও পরিচালনপদ্ধতি ঠিক করা। তবে অপর একটি সূত্র জানায়, বিমানের গত বছরের আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের পর সুইসপোর্ট এ খাতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার আগ্রহের কথা জানায়। কিন্তু দুবাইয়ের ডানাটাকে সামনে রেখে ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া দেশীয় একটি বেসরকারি বিমান সংস্থা শাহজালালের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিংয়ের কাজ পেতে চেষ্টা চালায়। এ নিয়ে একাধিক পক্ষের টানাপোড়েনের মুখে শেষ পর্যন্ত ওই উদ্যোগ আর এগোয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি ১৯টি বিমান সংস্থার দৈনিক প্রায় ৮০টি ফ্লাইট ওঠানামা করে। বছর বছর ফ্লাইট সংখ্যাও বাড়ছে। কিন্তু এখানে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিংয়ে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। ফলে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও বিমান সংস্থাগুলোকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই যৌথ উদ্যোগের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে বিমানের মুখপাত্র ও মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন এক লিখিত বক্তব্যে জানিয়েছেন, বর্তমানের চাহিদা অনুযায়ী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে বিমান কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ খাতে ব্যবসা আরও বাড়াতে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।