গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সমান সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান বলেছেন, গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্যও যথাযথ ব্যবস্থা নিতে হবে।
গতকাল শনিবার তেজগাঁওয়ের এফডিসিতে জাতীয় বিতর্ক বিকাশের বিভাগীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোকিয়া আফজাল রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের প্রতিষ্ঠিত বহু ব্যক্তিই গ্রামে শিক্ষা অর্জন করে বড় হয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও গ্রাম্যজীবনে খবরের কাগজ বিলি করে বড় হয়ে একদিন রাষ্ট্রপতি হয়েছেন।
বেসরকারি সংস্থা ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। দুই হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেবে ঢাকা বিভাগের বজ্রযোগিনী জে কে উচ্চবিদ্যালয় ও রাজশাহী বিভাগের আগ্রান উচ্চবিদ্যালয়।