গ্রাম থেকে চিকিৎসক বদলির আবেদন বিবেচনা করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় মাসে গ্রাম থেকে যেসব চিকিৎসক বদলির জন্য আবেদন করেছেন তাঁদের আবেদন বিবেচনা করা হয়নি। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। শাহীন মনোয়ারা হকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আতিউর রহমান, ফজলুল আজিম ও মতিউর রহমান সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জানান, চিকিৎসকদের গ্রামে নিয়োগ দেওয়া হলে তাঁরা সেখানে থাকতে চান না। আর যেখানে চিকিৎসক আছেন সেখান থেকে তাঁদের প্রেষণে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। যে কারণে গ্রামের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।জবাবে প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে চিকিৎসকদের প্রেষণে নিয়োগও বন্ধ করা হবে। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, গভীর সমুদ্রবন্দর স্থাপনে অর্থ জোগান বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কোনো দেশ থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি পায়নি।রাশেদ খান মেননের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪১। এ ছাড়া প্রজনন হার ২ দশমিক ৭ শতাংশ। তিনি আরও জানান, বর্তমানে দেশে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৭ জন। স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।লিখিত প্রশ্নে মাহমুদ উস সামাদ অভিযোগ করেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকেই রোগীদের কাছ থেকে উচ্চ হারে ফি নিচ্ছেন। এতে সাধারণ রোগীরা চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসাসেবা ফি কত হবে, তা হালনাগাদ না হওয়ায় অনেক চিকিৎসক মর্জি মাফিক ফি আদায় করে থাকেন। এটা সরকারের নজরে আছে।