গ্রাম পুলিশ চালাবে গ্রামের অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাটমোহরের ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স। ছবিটি সম্প্রতি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
চাটমোহরের ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স। ছবিটি সম্প্রতি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

গ্রামের মানুষ জরুরি চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে যানবাহন নিয়ে নানা সমস্যায় পড়ে। বেশির ভাগ সময় রাস্তার অবস্থাও খারাপ থাকে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় রোগী মারাই যায়। এ সমস্যার সমাধান করতে ব্যাটারিচালিত গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এসব অ্যাম্বুলেন্স চালাবে গ্রাম পুলিশ।
উপজেলার ১১টি ইউনিয়নে গত বুধবার দুপুরে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার অধিকাংশ গ্রাম খুব দুর্গম। অনেক গ্রামে এখনো পাকা সড়ক হয়নি। তাই এসব গ্রামের মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। এ দুর্ভোগ থেকে ইউনিয়নবাসীকে বাঁচাতে উপজেলার ১১টি ইউনিয়নে ১১টি ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে এ অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ১১টি অ্যাম্বুলেন্স চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ১১ জন গ্রাম পুলিশ সদস্যকে। তাঁদের প্রত্যেককে একটি করে করপোরেট মুঠোফোন দেওয়া হয়েছে। গ্রামের প্রতিটি ঘরে এই মুঠোফোন নম্বর দেওয়া থাকবে। জরুরি চিকিৎসাসেবায় রোগী বহনের জন্য ফোন দিলেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। প্রতিবার সেবার জন্য অ্যাম্বুলেন্সের চালক গ্রাম পুলিশ সদস্যকে উৎসাহস্বরূপ দিতে হবে মাত্র ৫০ টাকা।
চাটমোহরের ইউএনও শেহেলী লায়লা বলেন, ‘অনেক সময় গ্রাম পরিদর্শনে গেলে মানুষের দুরবস্থা চোখে পড়ে। যানবাহনের সুবিধা না থাকায় চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যায়। প্রসূতি মায়েরা কষ্ট ভোগ করেন। রাতে সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করে। তাই আমরা এই সেবা চালুর উদ্যোগ নিয়েছি।’
হরিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু ইসলাম বলেন, ‘মানুষের উপকারের সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্স চালায়ে আমরাও কিছু আয় করতে পারব। সবকিছু মিলে এই দায়িত্ব পায়া ভালোই লাগতেছে।’
উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী বলেন, গ্রামের মানুষের জন্য এই সেবা একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বহু মানুষ উপকৃত হবে।