গ্রাম পুলিশকে মারধর করলেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে।
সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুর রশিদ মাতব্বরের (৫০) ছেলে জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, তাঁর বাবা ৩ জুলাই কাছিয়াবুনিয়ায় অবস্থিত ইউপি কার্যালয়ের নিচতলায় দায়িত্ব পালন করছিলেন। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁর বাবাকে তখন একটি চেয়ারে বসে ধূমপান করতে দেখে তাঁকে কিল-ঘুষি ও পেটে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার জাহাঙ্গীর রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রশিদ মাতব্বরের ছেলের একটি অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশের পক্ষ থেকে আরও একটি জিডি করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘আবদুর রশিদকে মারধর করার অভিযোগ ঠিক নয়। ওই দিন তিনি দায়িত্ব পালনকালে প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ কারণে আমি তাঁকে বকা দিয়েছি। আমার জানামতে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’