গ্রাম পুলিশের ভাতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম পুলিশের সদস্যদের ভাতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি তাঁদের কার্যসীমাও ঠিক করে দিচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থসচিব মো. ফজলে কবীরকে গ্রাম পুলিশের ভাতা কতটা, কীভাবে বাড়ানো যায়, সেই সুপারিশমালা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বাজার করা থেকে শুরু করে বাড়ি পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেন গ্রাম পুলিশের সদস্যদের। অথচ এগুলো গ্রাম পুলিশের কাজের বাইরে।

অর্থমন্ত্রী এ ব্যাপারেও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটি চিঠি দেন। গ্রাম পুলিশের সদস্যরা কী কাজ করবেন বা কী করবেন না বা করতে পারবেন না, সে ব্যাপারে একটি নীতিমালা তৈরির কথা বলা হয়েছে।

এর আগে আজ সকালে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামালের নেতৃত্বাধীন এ দল গ্রাম পুলিশের ভাতা বাড়ানো, অবসরের পর ভাতা চালু, রেশন চালু এবং ইউএনও-চেয়ারম্যানদের কাজ করা থেকে অব্যাহতি চান। সরকারের শেষ সময়ে তাঁদের জন্য কিছু করা মুশকিল হবে বলে বৈঠকে জানালেও বৈঠক থেকে বের হয়েই অর্থমন্ত্রী উল্লিখিত দুই নির্দেশনা দেন।

গ্রাম পুলিশের মধ্যে রয়েছেন দফাদার ও মহল্লাদার। প্রতিনিধিদলটি অর্থমন্ত্রীকে জানায়, বর্তমানে দফাদার দুই হাজার ১০০ এবং মহল্লাদার এক হাজার ৯০০ টাকা ভাতা পান। তা বাড়িয়ে দফাদারের জন্য চার হাজার এবং মহল্লাদারের জন্য তিন হাজার ৫০০ টাকা ভাতার দাবি জানান তাঁরা।

দেশে বর্তমানে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশের সদস্য আছেন, যার মধ্যে প্রায় পাঁচ হাজার নারী।