গ্রাম প্রতিরক্ষা দলের অধিনায়ক খুন, গ্রেপ্তার ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) প্লাটুন অধিনায়ককে (পিসি) হত্যার অভিযোগে গ্রেপ্তার দুজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার রাতে ওই অধিনায়ককে জুয়ার আসরে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। মারমাপাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে লাশ উদ্ধার হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাইশারি ইউনিয়নের নারিশবুনিয়া এলাকার ধানখেত থেকে ভিডিপির পিসি শাহানুর মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশে ধারালো ছুরির আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন বলেছেন, নিহত শাহানুরদের পরিবারকে বরিশাল থেকে আশির দশকে নারিশবুনিয়া এলাকায় সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হয়েছিল। মারমাপাড়ার পাশের এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হলেও পাড়াবাসী এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি বলে পুলিশ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাইশারির লোকজন জানিয়েছেন, ঘটনার রাতে মারমাপাড়ায় শাহানুর মিয়াকে কয়েকজন মারমার সঙ্গে জুয়া খেলতে দেখা গিয়েছিল। পরদিন সকালে ছুরির আঘাতে তাঁর ক্ষতবিক্ষত লাশ ধানখেতে পাওয়া যায়। অনেকে বলেছেন, শাহানুরের খুন হওয়ার পেছনে নারীসংক্রান্ত কোনো ঘটনা রয়েছে। তবে মারমারা এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। পুলিশের বাইশারি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক ফকরুদ্দিন বলেছেন, নারীসংক্রান্ত কোনো বিষয় তাঁদের প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। জুয়া খেলার টাকা ভাগাভাগি থেকে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁর সঙ্গী খেলোয়াড়েরা খুন করে থাকতে পারেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নূরুল আফছার ও চিং অংজাই মারমা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।