গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করলেন মোহাম্মদ নাসিম
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি ও স্থল গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, সারা দেশে বিদ্যুতের আলোতে আলোকিত হচ্ছে। তিনি আরও বলেন, ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গিবাদকে উসকানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে একদিন জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা গুলশানে বিদেশিদের হত্যা করে। শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের হত্যা করেছিল।
রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আজাহার আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মের হকপ্রমুখ।