গ্রামটির অর্ধেক পরিবার গরু পালন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর পরিশ্রম করেও ভ্যানচালক মোকসেদুল ইসলামের সংসারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। বাড়তি আয়ের আশায় তিনি একটি বাছুর কিনে লালন-পালন শুরু করেন। দুই বছর পর সেটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন। লাভজনক হওয়ায় ১৫ বছর ধরে তিনি গরু পালন করছেন। এর মাধ্যমে তাঁর সংসারে এসেছে সচ্ছলতা, দূর হয়েছে দারিদ্র্য। তাঁর সাফল্য দেখে গ্রামের অন্তত দেড় শ পরিবার গরু পালন শুরু করেছে। এ ঘটনা রংপুরের মিঠাপুকুর উপজেলার জাফরপুর গ্রামের।

মোকসেদুল ইসলামের বয়স এখন ৪৫ বছর। সংসারে সচ্ছলতা আসায় মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। ভালো ঘরে তাঁর বিয়ে হয়েছে। ছোট ছেলেটি পড়ছে পঞ্চম শ্রেণিতে। তিনি বলেন, ‘দুটি বাছুর এমনভাবে লালন-পালন করি, যাতে কোরবানির হাটে তা বিক্রি করতে পারি। একেকটির পেছনে গড়ে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। প্রতিটি বিক্রি হয় ৫০-৫৫ হাজার টাকায়। টাকা জমিয়ে আড়াই বিঘা আবাদি জমি বন্ধক নিয়েছি। চারচালা টিনের ঘরও করেছি। ব্যাংকে কিছু টাকাও জমা হয়েছে।’

রংপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজার। সেখান থেকে মেঠো পথে এক কিলোমিটার দূরে জাফরপুর গ্রাম। এ গ্রামে সাড়ে তিন শ পরিবারের বাস। সেখানের অন্তত দেড় শ পরিবার এখন গরু পালনের সঙ্গে জড়িত।

গত রোববার সরেজমিনে দেখা গেল, প্রায় প্রতিটি বাড়ির সামনেই খড়ের স্তূপ। বাড়ির এক কোণে একটি আলাদা ঘরে গরু রয়েছে। কারও বাড়িতে একটি, আবার কারও ঘরে দু-তিনটি করে গরু। গরুর সামনে পানি ও খড়ের জন্য দুটি পাত্র। ঘরের এক পাশে বাঁশ দিয়ে ঘেরা জায়গায় খড় রয়েছে। এসব গরুর বেশির ভাগই ষাঁড়।

মোকসেদুল ইসলামের বাড়িতে দেখা যায়, তাঁর স্ত্রী আলেমা বেগম বালতিতে পানি ঢালছেন। আর মোকসেদুল সেখান থেকে পানি নিয়ে ষাঁড়ের শরীর ধুয়ে দিচ্ছেন। তাঁরা জানালেন, সামনে কোরবানির হাট। তাই গরুর বাড়তি যত্ন নিতে হচ্ছে।

এই গ্রামের এনামুল হক ১২ বছর আগে ঢাকায় রিকশা চালাতেন। মোকসেদুলের সাফল্য দেখে তিনিও গরু পালন শুরু করেন। প্রথমে তিনি জমানো কিছু টাকা ও ঋণ করে ৪০ হাজার টাকায় দুটি ষাঁড় কেনেন। দুই বছর পর ষাঁড় দুটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন। তিনি বলেন, ‘প্রথমবারেই খরচ বাদে এক লাখ টাকার মতো লাভ হয়েছিল। এরপর থেকে গরু পালন করছি। জমি কিনে ঘর তুলেছি। দুই ছেলে পড়ালেখা করছে। এবারও বাড়িতে দুটি ষাঁড় রয়েছে। প্রতিটি লাখ টাকার ওপরে দাম উঠবে।’

লোকমান হোসেনের বাড়িতে দেখা যায়, গরুর ঘরে বৈদ্যুতিক পাখা ঘুরছে। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে গরু ছটফট করে। কিছু খেতে চায় না। এ ছাড়া রোগ হতে পারে। এ জন্য গরুর জন্য পাখার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, গ্রামের বেশির ভাগ পরিবারের পুরুষ সদস্যরা ভ্যান-রিকশা চালান। বাড়তি আয়ের জন্য তাঁরা গরু পালন করেন। তবে পুঁজির অভাব ও ভিটেবাড়িতে বেশি জায়গা না থাকায় কেউ বেশি গরু পালন করতে পারেন না। গরুর রোগবালাই হলে শহর থেকে চিকিৎসক আনতে হয়। এতে অনেক খরচ হয়। বড় খামার করে কেউ ঝামেলায় পড়তে চায় না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, জাফরপুর গ্রামে দেশি জাতের গরু পালন করা হয়। বাজারে এগুলোর চাহিদা ও দাম বেশি। রংপুরসহ আশপাশের জেলা থেকে এসে এসব গরু কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। তিনি বলেন, গরুর খাদ্যের জন্য তাঁদের ঘাস চাষের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। বিনা মূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।