গ্রামবাংলার ঐতিহ্য কৃষি মিউজিয়ামে
কালের যাত্রায় হারিয়ে যেতে বসেছে বিভিন্ন কৃষি উপকরণ। এসব কৃষি উপকরণ সংরক্ষণে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠা করেছে একটি কৃষিভিত্তিক জাদুঘর। সীমিত পরিসরে হলেও জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রামবাংলার কৃষি ঐতিহ্য।‘কৃষি মিউজিয়াম’ নামে এই জাদুঘরে বাঁশ ও বেতের তৈরি টুকরি, ওচা, মাথলা, বাঁশের তৈরি ঝুড়ি, টুরং, কুরুম, তেরা, খালই, গরুর ঠোয়া, হুক্কা, চালুন, কুলা ও ডুলি সংরক্ষণ করা হয়েছে। আরও আছে লাঙল, জোয়াল, মই, কোদাল, দা, নিড়ানি, কাস্তে, ঢেঁকি, পলো, চেং, বাইর, উড়ি ও সানকি। বিজয়পুরের চীনা মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটিসহ আরও নানা ধরনের মাটিও সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে। বিভিন্ন ধরনের সারের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিদ্যালয়, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও অন্যান্য কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধান, পাট, ডাল, ছোলা, সরিষা, টমেটো, বাদামও সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। আরও আছে বিভিন্ন জাতের শস্যবীজ, বিলুপ্ত প্রায় মাছ। সংরক্ষণ করা হয়েছে মাটি পরীক্ষার সামগ্রী (সয়েল টেস্টিং কিট), ইনসেক্ট কালেক্টিং বক্স ও পাহাড়ি চাষাবাদসহ কৃষি কাজের বিভিন্ন মডেল। আছে অজগরসহ নানা বন্যপ্রাণীর কঙ্কাল। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০২ সালের ১০ মার্চ এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্য আমিরুল ইসলাম জাদুঘরটির উদ্বোধন করেন। এরপর দীর্ঘ প্রায় চার বছর নানা কারণে বন্ধ ছিল এটি। ২০০৭ সালের ৩০ জুন সাবেক উপাচার্য মোশাররফ হোসাইন মিঞা দ্বিতীয় দফায় জাদুঘরটির উদ্বোধন করেন। জাদুঘরের সাবেক পরিচালক মজিবুর রহমান জানান, জাদুঘরটির বিশেষ আকর্ষণ হলো মাইক্রো কম্পিউটার। দেশে সর্বপ্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েই এই মাইক্রো কম্পিউটারের ব্যবহার শুরু হয়। ১৯৮১ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তথ্যাদি প্রক্রিয়ার কাজে এর ব্যবহার শুরু হয়। মাইক্রো কম্পিউটারের সঙ্গে ব্যবহূত প্রিন্টারটিও জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া কৃষি শিক্ষায় ব্যবহূত বিভিন্ন মডেলের ক্যালকুলেটরও স্থান পেয়েছে এখানে।জাদুঘরের পরিচালক আবুল কাসেম প্রথম আলোকে বলেন, কৃষি কাজের আধুনিকায়নের ক্ষেত্রে জাতীয় নেতাদের ভূমিকাও কম নয়। তাই শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি জাদুঘরে স্থান পেয়েছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্যের ছবি সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে। তিনি জানান, জাদুঘরে এখনো উপকরণ সংগ্রহ করা হচ্ছে। দেশের কোথাও যদি ঐতিহাসিক কোনো কৃষি উপকরণের সন্ধান পাওয়া যায় তাহলে তা এই জাদুঘরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মজিবুর রহমান দেশের একমাত্র এ কৃষি জাদুঘরকে ‘জাতীয় কৃষি জাদুঘর’-এ রূপান্তরিত করার দাবি জানিয়েছেন।