গ্রামবাসী নিজেরাই নির্মাণ করে নিলেন সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহদীপুর গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিন দিনের মধে৵ নিজেদের চলাচলের জন্য তৈরি করে নিয়েছেন বাঁশের সাঁকো। সংশ্লিষ্ট খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বারবার অনুরোধ করেও ফল না পেয়ে ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারসংলগ্ন রাস্তায় ভেঙে যাওয়া সেতুর জায়গায় এ সাঁকো তৈরি করে নিলেন তাঁরা।
মহদীপুর গ্রামের মনজুরুল হক বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন মহদীপুর, খয়েরবাড়ী, লক্ষ্মীপুর, মহেশপুর, কিসমতলালপুর, বালুপাড়া, জমিদারপাড়া ও বারাইপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। পথের এখানে একটি ভাঙা সেতু ছিল। কিন্তু টেন্ডারের পর ঠিকাদার বিকল্প কোনো রাস্তা না করে দিয়েই পুরোনো সেতুটি ভেঙে সব নিয়ে গেছেন। এতে এলাকাবাসী পড়ে চরম বিপদে।
ইউপি সদস্য মোকলেছার রহমান বলেন, ‘সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অবশেষে গ্রামবাসী নিজ উদ্যোগে গত রোববার থেকে এই বাঁশের সাঁকোর নির্মাণকাজ শুরু করেন। গতকাল মঙ্গলবার সাঁকোর কাজ শেষ হয়েছে।’
মহেশপুর গ্রামের সুশীল বলেন, ‘এত দিন আমরা সেতুর নিচ দিয়েই যাতায়াত করেছি। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণে সেখানে পানি জমে থাকায় আর যাতায়াত করতে পারছিলাম না।’
এ বিষয়ে খয়েরবাড়ী ইউপির চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই সেতুর স্থানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৩২ লাখ টাকায় নতুন সেতু করার টেন্ডার হয়েছে। সেতুর ঠিকাদারের নাম জানা নাই। তবে সেতু নির্মাণের স্থানে পানি জমে থাকায় ঠিকাদার সেতু নির্মাণ করতে পারছেন না।’