গ্রামবাসী বাঁচালেন দুর্ঘটনায় পড়া ট্রাকচালককে

শনিবার রাত প্রায় ১০টা। বাঁশখালী তৈলার দ্বীপ (শঙ্খ নদ) সেতুর দক্ষিণ পাড়। হঠাৎ গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক সজোরে গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের ভেতরে আটকে পড়েন চালক। অন্ধকারে চালক চিৎকার করছিলেন, ‘ভাই, আমাকে বাঁচান। আমি বের হতে পারছি না। আমার পা আটকে গেছে।’
মঞ্জুর আলম নামের এক যুবক বলেন, ‘আমরা চারজন অটোরিকশায় করে শহর থেকে বাঁশখালী ফিরছিলাম। তৈলার দ্বীপ সেতু পার হওয়ার পর দেখি, রাস্তার পাশে একটি ট্রাক গাছের সঙ্গে আটকে আছে। ভেতর থেকে কেউ একজন চিৎকার করছিলেন, “ভাই, আমাকে বাঁচান। আমি বের হতে পারছি না।” কাছে গিয়ে দেখি, দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সঙ্গে চালকের বাঁ পায়ের ঊরু থেকে নিচের অংশ আটকে গেছে।’
মঞ্জুর আরও বলেন, ‘এ অবস্থায় সড়কে চলমান কয়েকটি গাড়ি থামিয়ে লোকজন জড়ো করি। এর মধ্যেই গ্রামবাসীও ঘটনাস্থলে চলে আসেন। পরে আরেকটি ট্রাক থামিয়ে দড়ির সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কে তোলা হয়। এরপরও চালককে বের করা যাচ্ছিল না। পরে গ্রামবাসীরা দা ও লোহার রড দিয়ে ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া অংশের কয়েকটি স্থান ভেঙে রাত প্রায় ১১টার দিকে চালককে উদ্ধার করেন। এরপর চালকে আনোয়ারা উপজেলা হাসপাতালে নেওয়া হয়।’
আনোয়ারা ফায়ার সার্ভিস জানায়, তৈলার দ্বীপ সেতুর দক্ষিণে দুর্ঘটনাকবলিত একটি ট্রাকে চালক আটকে ছিলেন জানিয়ে একজন ফোন করেছিলেন। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
প্রতিবেদনে বক্তব্য নেওয়ার জন্য ঘটনার শিকার ট্রাকচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তবে তিনি অসুস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনা জানার পরে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে।